২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে অকার্যকর বলে আওয়ামী লীগ নিজেই অকার্যকর হয়ে পড়েছে: ব্যারিস্টার মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার আওয়ামী লীগ দেশকে অকার্যকর বলছে। এ কথা বলে তারা নিজেরাই অকার্যকর হয়ে পড়েছে। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াপনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার ‘গৌরবের মুক্তিযুদ্ধ, আজকের বাংলাদেশ: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিকরা ব্যর্থ হতে পারে, দেশ কখনো অকার্যকর হতে পারে না।

বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এতে সভাপতিত্ব করেন।

আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল, জিয়া পরিষদের সভাপতি কবীর মুরাদ, কৃষিবিদ নেতা জাভেদ ইকবাল, অধ্যাপক মিজানুর রহমান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

পরে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে সংগঠনের পক্ষ থেকে দেওয়া স্বাধীনতা পদক বিতরণ করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় গৌরব। যারা এই স্বাধীনতা ও বাংলাদেশকে অকার্যকর বলে, তারা নিজেরাই অকার্যকর।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, শীর্ষস্থানীয় জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই গ্রেপ্তারে দেশের প্রতিটি মানুষ খুশি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এতে খুশি হতে পারেনি। এর কারণ কী?

জঙ্গি ইস্যুতে আলোচনার জন্যে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি প্রধান বিরোধী দল আওয়ামী লীগ গ্রহণ না করায় তিনি সমালোচনা করেন। তিনি বলেন, এটা রাজনৈতিক হীনমন্যতা। আমাদের রাজনীতি কি এত নিচে নেমেছে?

তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।