২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব না মেনে সরকার প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহারের চক্রান্ত করছে: ১৪ দলের মিছিলপূর্ব সমাবেশে জলিল

জোট সরকার বিরোধী দলের সংস্কার প্রস্তাব না মেনে আসন্ন নির্বাচনে প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহারের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নগরীতে মঙ্গলবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে কমিটি গঠনের কথা বলছেন। অন্যদিকে  সনা বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ঘোষণা দিয়ে তিনি বিরোধী দলের উত্থাপিত সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে তার রায় দিয়ে দিয়েছেন। সংস্কার নিয়ে টালবাহানা ও কালক্ষেপণ করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চান তিনি।

ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত মুক্তাঙ্গনের সমাবেশে আব্দুল জলিল বলেন, সেনা বাহিনী কারও একক সম্পদ নয়। আমাদের দাবি হচ্ছে: প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রপতি নয়, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের অধীনে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার কুমিল্লার জনসভায় জনগণের এই সম্পদকে আগামীতে ব্যবহার করার চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন। বাংলার মানুষ ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে তার এই চক্রান্ত প্রতিহত করবে।

সচিবালয়ের সামনে ৩০ মার্চ অবস্থান ধর্মঘট সফল করার মাধ্যমে চলমান সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তীব্র আন্দোলনে জোট সরকারের ভিত নড়ে যাবে।

১২ মার্চ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলা, অত্যাচার নির্যাতন এবং গ্রেপ্তারের প্রতিবাদে ১৪ দল এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওমর আলী, হাবিবুর রহমান মোল্লা, একেএম রহমত উল্লাহ্, কামাল আহমেদ মজুমদার, আলহাজ্ব মকবুল হোসেন, ডা. এইচবিএম ইকবাল, হাজী মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শরাফত আলী হিরা, কাজী মোস্তাক এলেন, মোস্তফা আলমগীর রতন ও কামরুল আহসানসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আব্দুল জলিল ছাড়াও ১৪ দলের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ড. মহিউদ্দিন খান আলমগীর, সাইফুদ্দিন আহমেদ মানিক, মাইনুদ্দিন খান বাদল, শরিফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া, এমএ গণি এবং জাকির হোসেন মিছিলে নেতৃত্ব দেন।