জঙ্গি নেতা শায়খের ছেলে নাবিলের দেহে সফল অস্ত্রোপচার
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএসএইচ) জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের ছেলে নাবিলের দেহে মঙ্গলবার সফল অস্ত্রোপচার করা হয়েছে।
র্যাবের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, ‘গুলিবিদ্ধ নাবিলের কপালে অন্তত: এক ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছিলো। তবে অস্ত্রোপচারের পর সে এখন শঙ্কামুক্ত।’
এরআগে কুমিল্লায় সোমবার ‘জান্নাতুল শাফি’ নামের একটি গোপন আস্তানা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সাথে র্যাবের প্রচণ্ড বন্ধুক যুদ্ধ হয়। এরই এক পর্যায়ে নাবিল গুলিবিদ্ধ হয়।
ওই বন্দুক যুদ্ধে জঙ্গি নেতা ও বোমার কারিগর মোল্লা ওমর, ওরফে শাকিল, তার স্ত্রী সাদিয়া সুমাইয়া ও দুটি শিশুসহ মোট চারজন নিহত হয়।
র্যাবের ভাষ্যমতে, আত্মঘাতী বোমা হামলায় তাদের মৃত্যূ হয়েছে।
পরে গুলিবিদ্ধ নাবিলকে নিয়ে আসা হয় ঢাকার সিএমএইচ’এ।
জানা যায়, সোমবারের ওই বন্দুক যুদ্ধে র্যাবের উপ সহকারি পরিচালক শামসুজ্জামান, জিসিও মাসুদুজ্জামান, করপোরাল জাকির এবং কনস্টেবল গোলাম নবী বুলেট ও স্পিন্টারের আঘাতে আহত হন।
এদিকে কুমিল্লার অভিযানে নিহত মোল্লা ওমর, তার স্ত্রী এবং দুটি শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব এ পর্যন্ত নাবিলসহ জেএমবি’র শীর্ষ স্থানীয় ছয়জন নেতাকে আটক করলো।
জেএমবি বিরোধী অভিযানের শুরুতে গত বছর ১৮ নভেম্বর আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠাকুরগাঁ বাসস্ট্যান্ড থেকে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের জামাই আব্দুল আউয়ালকে গ্রেফতার করে।
গত বছর ১২ ডিসেম্বর রাজধানীর তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শায়খের ভাই এবং সামরিক শাখার কমান্ডার আতাউর রহমান সানিকে আটক করার ঘটনা র্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।
জঙ্গি দমন অভিযানের এক পর্যায়ে র্যাব এ বছর ২৮ ফেব্র“য়ারি ঢাকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে জেএমবি’র নীতি নির্ধারনী কমিটি মজলিশে শুরার অন্যতম ‘থিকট্যাঙ্ক’ হাফেজ মাহমুদকে আটক করে।
হাফেজ মাহমুদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২ মার্চ সিলেটের টিলাগড় এলাকা থেকে শায়খ আব্দুর রহমানকে স্ত্রী, ছোট ছেলে, মেয়ে এবং দুজন নাতিসহ আটক করা হয়।
র্যাবের ওই সাফল্যের ঠিক চারদিন পর ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আটক করা হয় জেএমবি’র সেকেন্ড -- ইন -- কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে।
শায়খ আব্দুর রহমানের কাছ থেকে অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র্যাব সর্বশেষ কুমিল্লায় অভিযান চালিয়ে আটক করে তার আরেক পুত্র কিশোর নাবিলকে।
