২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবাবদিহিতায় বিশ্বাস থাকলে বিএপি নেতৃত্বধীন জোট সরকারকে অবশ্যই সংস্কার প্রস্তাব মানতে হবে: হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের  জবাবদিহিতায় আস্থা থাকে তাহলে অবশ্যই সংস্কার প্রস্তাব মানতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে সোমবার বৈঠককালে তিনি বলেন, তার দল নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। বিএনপি - জামায়াত জোট সরকার জনগণের ভয়ে ভীত। তারা জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে এটিকে একটি যন্ত্র হিসেবে নিয়েছে।

প্রতিনিধি দলের নেতা এশিয়া ও দক্ষিণ আমেরিকা বিষয়ক ইউরোপীয় কমিশনের উপমহাপরিচালক হার্ভে জুয়ানজিয়ান শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবনে বিকেলে সাক্ষাৎ করেন। তাদের বৈঠক দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকের ব্যাপারে জানতে চাইলে হার্ভে জুয়ানজিয়ান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেন, সংস্কার প্রস্তাব ও জঙ্গি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সংসদে বিরোধী দলীয় নেত্রী শায়খ ও বাংলা ভাইয়ের গডফাদার, পৃষ্ঠপোষক ও মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন, কিন্তু তারা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।

তিনি বলেন, সরকারের ভিতর থেকে যারা জঙ্গিদের সহযোগিতা করেছে, যারা তাদের সৃষ্টি ও লালন করেছে এবং অর্থ ও প্রশাসনিকভাবে সহযোগিতা করেছে তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি, এমনকি তাদের তালিকাও তৈরি হয়নি।

আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি ইস্যুতে জনগণ ও বিদেশীদের কাছে দু’ ধরনের বক্তব্য রাখছেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, বিদেশীদের তিনি বলছেন, দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোনও স্থান নেই। আবার দেশের জনগণকে তিনি বলছেন, জঙ্গিবাদের সাথে বিরোধী দল জড়িত ও পার্শ্ববর্তী দেশ এ ব্যাপারে ষড়যন্ত্র করছে।

বাংলাদেশে ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইন, ইউরোপীয় কমিশনের বাংলাদেশস্থ ডেস্ক অফিসার আনা বিয়েট্রিজ মার্টিন্স, কমিশনের ঢাকাস্থ প্রেস ও রাজনীতি বিষয়ক প্রধান চার্লস হোয়াইটলি এ সময় হার্ভে জুয়ানজিয়ানের সাথে ছিলেন।

বৈঠকে শেখ হাসিনার সাথে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।