২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন: প্রধানমন্ত্রীর প্রতি শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

তিনি প্রশ্ন তুলে বলেন, আমি আপনাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছি। ক্রসফায়ারের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের পরিবারের সদস্য ও ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে?

আওয়ামী লীগ সভানেত্রী সোমবার সন্ধ্যায় তার বাসভবন সুধা সদনে সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা মাসুদুর রহমান ওরফে ইমান আলীর বিধবা স্ত্রী রাবেয়া খাতুনকে সান্তনা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

শেখ হাসিনা নিহত ইমান আলীর ছেলে আবীর ও সাব্বির এবং মেয়ে ইমার প্রতি গভীর সমবেদনা জানান।

হাসিনা বলেন, একজন প্রতিমন্ত্রীর ভাই সাভারের মিটন গ্রামে জমি দখল করলে ইমান আলী গ্রামবাসীদের নিয়ে প্রতিবাদ জানায়। এ কারণে তাকে র‌্যাব দিয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়।

তিনি বলেন, জোট সরকার দুর্নীতির মাধ্যমে সব কিছু দখল করে নেবে। আর প্রতিবাদ করলে নিরীহ জনগণকে হত্যা করা হবে। এটাই কি আইনের শাসন? এটা কি ন্যায়?

প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, দেশে এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর কতদিন চলবে?

আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করে বলেন, জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করতে প্রধানমন্ত্রী যে শপথ নিয়েছিলেন, তা লংঘন করার মাধ্যমে তিনি সংবিধান লংঘন করছেন।

বিদ্যুৎ, ডিজেল ও সার সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ব্যর্থতার জন্যে শেখ হাসিনা খালেদা জিয়াকে ভর্ৎসনা করেন। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে তীব্র ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। শেখ হাসিনা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য তিনি নিয়ন্ত্রণ করতে না পারলে ও জনগণকে ঠিকমতো খাওয়াতে না পারলে, তিনি কেন মানুষ হত্যা করেন?

ইমান আলীর হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগের যুবসংগঠন যুবলীগের ডাকা সোমবারের আধাবেলা হরতাল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, হরতাল চলাকালে পুলিশ জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার লংঘন করে বিরোধী জোটের নেতা--কর্মীদের নির্যাতন করেছে।

রাজধানীতে রোববার সন্তানসম্ভবা এক মহিলার ওপর পুলিশী হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই নিরপরাধ মহিলার কিছু হলে প্রধানমন্ত্রীকে তার দায়ভার নিতে হবে।

হাসিনা অভিযোগ করে বলেন, সরকার জঙ্গিবাহিনীকে পৃষ্ঠপোষকতা করছে। বিচারবহির্র্ভূতভাবে মানুষ হত্যা করছে। আর ক্ষমতা আগলে রাখার জন্যে জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করছে।

তিনি বলেন, জনগণ আপনার নির্যাতন সহ্য করবে না। তারা বিরক্ত হয়ে গেছে।

যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, সাভারের আওয়ামী লীগ নেতা হাসিনা দৌলা এ সময় শেখ হাসিনার সাথে ছিলেন।