তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না: আ. জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, জোট সরকার ষড়যন্ত্রের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না।
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে। রাজাকাররা তাদের গাড়িতে দেশের পতাকা ওড়াবে আর মুক্তিযোদ্ধারা নির্যাতনের শিকার হবে, তা হতে দেওয়া যাবে না।
মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপি, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র, একাব্বর হোসেন এমপি, জেলা আ’লীগের সভাপতি শামসুর রহমান খান শাজাহান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল প্রমুখ।
