২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবীতে খুলনায় অচল কর্মসূচী: ১ ঘন্টার জন্যে থমকে যায় বৃহত্তর খুলনা

বিভিন্ন দাবীতে সোমবার একঘন্টার জন্যে খুলনা মহানগরীসহ বৃহত্তর খুলনা জেলা থমকে যায়। মাওয়ায় পদ্মা সেতু নির্মান, ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মান,ওয়াসা স্থাপন, জেলা স্টেডিয়াম সম্প্রসারণ ও বিভাগীয় স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপন, পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু, মংলা বন্দরের সংস্কার, আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপন, আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কাজ শুরুসহ বিভিন্ন দাবিতে বৃহত্তর খুলনায় স্বতঃস্ফূর্ত ভাবে এক ঘন্টার অচল কর্মসূচী পালিত হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

অচল কর্মসূচী থেকে একই দাবীতে আগামী ৬ এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচী সফল করার লক্ষ্যে দেশব্যাপী অর্ধদিবস হরতাল থাকলেও স্থানীয় যুবলীগ মহানগর ও জেলা কমিটি  খুলনায় হরতাল প্রত্যাহার করে।

খুলনার রূপসা থেকে ফুলতলা পর্যন্ত ২২ কিলোমিটার পথের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচী পালিত হয়।

বেলা ১১টা বাজার সাথে সাথে খুলনাবাসী হাতে হাত রেখে সারিবদ্ধ ভাবে রাস্তায় দাড়িয়ে পড়েন। এ সময় দোকান পাট, ব্যাবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, স্কুল - কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস আদালতে এক ঘন্টার জন্যে সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। মহানগরী খুলনা এবং জেলার ৯টি উপজেলা ছাড়াও বাগেরহাট, মংলা ও সাতক্ষীরায় স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচী পালিত হয়।

কর্মসূচী চলাকালে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ সভাপতি হায়দার গাজী সালাউদ্দিন রুনু। বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির নগর সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন , সিপিবি নগর সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান প্রমুখ।