পুলিশের সাথে হরতাল-সমর্থকদের সংঘর্ষে ১০০জন আহত
আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের আহবানে দেশব্যাপী সোমবার সকাল ৬টা-২টা হরতাল পালনকালে রাজধানী ঢাকা এবং সাভারে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে।
হরতাল সমর্থনে পিকেটাররা কমপক্ষে ১০টি গাড়ি ভাংচুর করেছে। এঘটনায় পুলিশ ঢাকা এবং সাভার থেকে ২৫জনকে গ্রেপ্তার করেছে।
সাভারে ৮ মার্চ পুলিশের ক্রসফায়ারে ঢাকা জেলা যুবলীগের নেতা হাজি মাসুদুর রহমান ইমাম আলীর নিহত হওয়ার প্রতিবাদে যুবলীগ সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে।
আওয়ামী লীগ এবং তার সকল অংগ সংগঠন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল এই হরতালকে সমর্থন জানিয়ে সারাদেশব্যাপী হরতাল পালন করে।
সাবার বাজার এলাকায় সকাল সাড়ে ৯টায় হরতালের সমর্থনে ১৪ দলীয় জোট মিছিল বের করলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। ফলে পুলিশের সাথে হরতাল সমর্থকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ মিছিলের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু করলে হরতাল সমর্থনকারীরা বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। মিছিলকারীরা এসময় আটটি বাস ও দুটি ট্রাক ভাংচুর করে। পুলিশ এঘটনায় সাবার বাজার এলাকা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে আহতদেরকে স্থানীয় এনাম মেডিকেল হাসপাতাল ও অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে রাজধানীর পান্থপথ এলাকায় আওয়ামীলীগের কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে যুবলীগের মহিলা কর্মীসহ ১০জন আহত হয়।
হরতাল চলাকালীন সময়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শহরে প্রচুর রিক্সা চলাচল করলেও বাস, ট্রাক, মোটরগাড়ির চলাচল তুলনামূলক কম।
