যুব লীগের অর্ধদিবস হরতাল ও ট্রাক চালকদের দিনব্যাপী ধর্মঘট সোমবার
আওয়ামী লীগ সমর্থিত যুব লীগ দেশব্যাপী সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে।
সংগঠন সূত্র জানায়, সাভারের যুব লীগ নেতা হাজী মাসুদুর রহমান ইমাম আলীকে ‘ক্রসফায়ারে’ হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
যুব লীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ক্রসফায়ারের নামে এই হত্যাকাণ্ড চালানো হয়।
ইমাম আলীর স্ত্রী রাবেয়া বেগম বলেন, ৮ মার্চ আদালতে ‘মিথ্যা মামলার’ আপিল করে ফেরার সময় র্যাব আদালত থেকে ইমাম আলীকে আটক করে। ওই রাতেই তার বাড়ির সামনে তাকে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
হরতালের সমর্থনে যুব লীগ ঢাকাসহ এবং দেশের বিভিন্ন অঞ্চলে মিছিল--সমাবেশ করেছে।
আওয়ামী লীগ এবং এর অপর সহযোগী সংগঠনগুলো এ হরতাল সমর্থন করেছে।
এদিকে বাংলাদেশ ট্রাক চালক--শ্রমিক ফেডারেশন সোমবার সারা দেশে দিনব্যাপী ট্রাক, লরি এবং কাভার্ডভ্যান ধর্মঘট ডেকেছে। কাভার্ড ভ্যান চালক আলাউদ্দিন এবং সহকারী শালিক মুন্সি হত্যার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়।
ফেডারেশন সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র রোববার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
