ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি’র আপিলের শুনানি ৬ষ্ঠবারের মতো পিছিয়েছে সুপ্রিম কোর্ট
ভোটার তালিকা তৈরি সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়েরকৃত আপিলের শুনানি আগামী ২৭ মার্চ পর্যন্ত পিছিয়েছে সুপ্রীমকোর্ট। আবেদনকারী পক্ষের প্রধান কৌঁসুলী ডঃ কামাল হোসেন আদালতে উপস্থিত না থাকায় এই স্থগিতাদেশ দেয়া হয়।
এই নিয়ে ষষ্ঠবারের মতো আবেদনটির শুনানি স্থগিত ঘোষণা করা হলো। ইতিপূর্বে আদালতে বিচারকদের কোরাম পূর্ণ না হওয়ায় তিনবার মামলাটির শুনানি স্থগিত করা হয়। হরতাল ও নির্বাচন কমিশনের সময় চেয়ে আবদনের ভিত্তিতে আরও দুইবার আবেদনের শুনানি স্থগিত করা হয়।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাসসির হোসেন এর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে নির্বাচন কমিশনের এই আবেদনের শুনানির জন্য রোববার আদালতে উপস্থিত ছিলেন।
এ্যাডভোকেট সুফিয়া খাতুন আদালতকে আবেদনকারী পক্ষের প্রধান কৌঁসুলী ডঃ কামাল হোসেনের অনুপস্থিতির কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, ডঃ কামাল হোসেনের ব্যক্তিগত অসুবিধার জন্য আদালতে উপস্থিত থাকতে না পারায় আবেদনের শুনানি স্থগিত ঘোষণা করা হলো। প্রধান বিচারপতি আগামী ২৭ মার্চ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এসময় আদালতে উপস্থিত ছিলেন।
