২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা দ্বিপাক্ষিক ইস্যুগুলো রাজনীতিমুক্ত করার পক্ষে ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক ইস্যুগুলো অবশ্যই রাজনীতিমুক্ত দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। দুই দেশের মানুষের কল্যাণের জন্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ গুলোর সমাধান করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বার্তা সংস্থা বিডিনিউজ-এর সঙ্গে শনিবার এক বিশেষ সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, রাজনীতিবদরা সমস্যাগুলোর সমাধান করতে চাইলে তাদের সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আর কার্যকর সমাধান পেতে সংলাপই একমাত্র পথ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসন্ন ভারত সফরের প্রাক্কালে ভারতের হাইকমিশনার এ সাক্ষাৎকার দিলেন। খালেদা জিয়া ২০ মার্চ ভারত যাচ্ছেন।

সাক্ষাৎকারে বীণা সিক্রি বাংলাদেশ--ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন স্পর্শকাতর ক্ষেত্র ও স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ পথ চলাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

দিল্লিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকের সময় কোন কোন বিষয় প্রাধান্য পাবে, এ ব্যাপারে জানতে চাওয়া হলে বীণা সিক্রি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক নিয়েই দুই নেতা আলোচনা করবেন।

তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক নিয়ে আলোচনা করার এটিই ভাল সুযোগ। আরো বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বীণা সিক্রি বলেন, বাণিজ্য, দ্বিপাক্ষিক বিনিয়োগ রক্ষা ও উন্নয়ন এবং অবৈধ মাদকদ্রব্য পাচার প্রতিরোধসহ বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া পানি ভাগাভাগির ব্যাপারেও দীর্ঘমেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফরকে তারা কোন দৃষ্টিতে দেখছেন, এ ব্যাপারে হাই কমিশনার বলেন, তারা প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ছিলেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি। একজন বিশেষ কূটনীতিকের মাধ্যমে ২০০১ সালে ভারত সফর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরবর্তী কয়েক বছরে এ আমন্ত্রণ বারবার জানানো হয়েছে। ২০০৫ সালের আগস্ট মাসে আমাদের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বলেছিলেন, বাংলাদেশের উন্নতি ও উন্নয়ন ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা এবং অন্যান্য রাজনৈতিক নেতা বাংলাদেশের প্রতি প্রধানমন্ত্রীর মত একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন কিনা, জানতে চাওয়া হলে বীণা সিক্রি বলেন, অবশ্যই। তার (প্রধানমন্ত্রী) দৃষ্টিভঙ্গি পুরো ভারতবাসীর দৃষ্টিভঙ্গি।

তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ওপর ভিত্তি করে ভারতের পররাষ্ট্র নীতি প্রণীত হয়েছে। গোঁড়া পররাষ্ট্র নীতির ব্যবহার আমাদের মধ্যে নেই। এটি সবসময়ই সকল রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ও জাতীয় ঐকমত্যের উপর ভিত্তি করে গড়ে উঠে।

তিনি বলেন, ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সফল প্রতিবেশী হিসেবে দেখতে চায়। কেননা, এটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু অভিন্ন সীমান্তই নয়, আমাদের রয়েছে অভিন্ন সংস্কৃতি, ইতিহাস ও সভ্যতার মূল্যবোধ।

সাক্ষাৎকারে বীণা সিক্রি ১৯৪৭ সালে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উল্লেখ করেন। তিনি বলেন, আমরা বহুভাষা, বহুজাতি, বহুধর্মীয় সম্প্রদায়ের অভিন্ন মূল্যবোধ নিয়ে বাস করি। এখানে সবাই সম্প্রীতি বজায় রেখে বসবাস করে। বিশ্বাসযোগ্যতার ওপর ভিত্তি করে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে এসব খুবই গুরুত্বপূর্ণ।

মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) চুক্তি সম্পর্কিত ভারতের প্রস্তাবের ব্যাপারে এক প্রশ্নের জবাবে বীনা সিক্রি বলেন, বহু দেশের সাথে বাংলাদেশে ভারসাম্যহীন বাণিজ্য সম্পর্ক রয়েছে। কিন্তু সেটি কখনো রাজনৈতিক ইস্যু হয় না। তাহলে ভারতের ক্ষেত্রে সেটি কেন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়?

তিনি বলেন, পূর্ণ বন্ধুত্ব ও বিশ্বাস থেকে ভারত বাংলাদেশকে এফটিএ প্রস্তাব দিয়েছিল। আমি মনে করি, সমস্যার সমাধানে পৌঁছানোর একমাত্র উপায় হলো মুক্ত আলোচনা। দ্বিপাক্ষিক আলোচনা না করে মিডিয়ার মাধ্যমে আলোচনাকে আমি সমর্থন করি না। এটি কোনো ভালো কৌশল নয়।

এফটিএ নিয়ে বাংলাদেশ যে আপত্তি উত্থাপন করেছে, এ ব্যাপারে বীণা সিক্রি বলেন, এ জন্যে প্রয়োজন দুই সরকারের মধ্যে মুক্ত আলোচনা।

তিনি বলেন, আপনাদের অন্য কোনো প্রস্তাব থাকলে তা নিয়ে আলোচনা করতে আমরা রাজি আছি। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে। আমরা এটি নিয়ে আলোচনা করবো। আমরা আশা করি, আলোচনা থেকে উল্লেখযোগ্য ফলাফল বের হয়ে আসবে।

বাণিজ্য ঘাটতি, অশুল্ক বাধা ও উপ--শুল্ক বাধা অপসারণের ব্যাপারে বাংলাদেশের আপত্তি সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের দিকে না তাকালে এবং ধারাবাহিকভাবে সংলাপের মধ্যে না থাকলেই সমস্যা দেখা দেয়।

অভিন্ন নদীর পানির ভাগাভাগি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি জটিল ইস্যু এবং এর সঙ্গে আবেগের বিষয় জড়িত রয়েছে।

তিনি বলেন, গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের পর ভারত একই ভাবে অন্যান্য ইস্যুর সমাধান করতে আগ্রহী ছিল। কিন্তু স্থায়ী সমাধানের জন্যে ইস্যুগুলোকে অবশ্যই রাজনীতিমুক্ত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের পানির উদ্বৃতি রয়েছে। কিন্তু তাদের পানি ব্যবস্থাপনা ও পলি জমার সমস্যা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে ভারত সহায়তা করতে পারে।

ভারতের পানিসম্পদমন্ত্রীর বাংলাদেশ সফরের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে তারা গভীরভাবে আগ্রহী এবং নিয়মিত পরামর্শ করা অব্যাহত রয়েছে। তবে তার সফর নির্ভর করবে পশ্চিমবঙ্গের পার্লামেন্ট অধিবেশন এবং নির্বাচনের ওপর। এপ্রিল--মে মাসের দিকে তিনি ঢাকা সফরে আসতে পারেন।

ভারতে অপরাধীদের আশ্রয় গ্রহণ প্রসঙ্গে বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে তিনি বলেন, নয়াদিল্লির কাছে ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনার সময় নিরাপত্তা ইস্যুটি অবশ্যই উত্থাপিত হবে। আমাদের অবশ্যই নিয়মিত আলোচনায় সম্পৃক্ত থাকতে হবে। তার ভাষায়, বন্দি প্রত্যাহার চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত এ পরিস্থিতির পরিবর্তন হবে না। ভারত দুই বছর আগে এ ধরনের একটি চুক্তির ব্যাপারে বাংলাদেশকে প্রস্তাব দেয়।

ঢাকা--গোয়াহাটি, ঢাকা--শিলং, ঢাকা--শিলিগুড়ি এবং ঢাকা--কাঠমান্ডুর মধ্যে বাস চলাচল শুরু করা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বীণা সিক্রি বলেন, সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ ব্যাপারে আলোকপাত করেছেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ--পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ১৯৬৫ সালের আগেই এদের মধ্যে যোগাযোগ ছিল। আমরা এটি আবার দেখতে চাই এবং সকল পথের মধ্যে সংযোগ চাই।

ভারতের কূটনীতিক বলেন, বিদ্যমান সংযোগের উন্নয়নের পাশাপাশি আগারতলা--সিলেট--শিলং সংযোগ সড়কের প্রস্তাব নিয়ে তারা এখন আলোচনা করছেন। পরবর্তী সকল সংযোগের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে।

তিনজাতি গ্যাস পাইপলাইন সম্পর্কে জানতে চাওয়া হলে বীণা সিক্রি বলেন, বেশ কিছুদিন ধরে এ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এটি একটি বাণিজ্যিক প্রকল্প। আন্তর্জাতিক কনসোর্টিয়াম এটি বাস্তবায়ন করবে। এই কাঠামোর মধ্যে বাংলাদেশ যে শর্ত জুড়ে দিয়েছে, তা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।