২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ছাড়া ১৪ দল কোনো নির্বাচনে অংশ নেবে না: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংস্কার ছাড়া ১৪ দল কোনো নির্বাচনে অংশ নেবে না এবং একতরফা কোনো নির্বাচনও হতে দেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

শেরপুর জেলা জাসদ আয়োজিত শনিবার বিকেলে নিউমার্কেট চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জোট সরকারকে সংস্কার প্রস্তাব মেনে নিতে বাধ্য করাই এই মুহূর্তে প্রধান কাজ।

ইনু বলেন, ১৪ দল দেশে শান্তি ও সমঝোতা চায় বলেই বিরোধী দলীয় নেতা সংসদে গিয়ে নির্বাচনী সংস্কার প্রস্তাব উত্থাপন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বিরোধী দলের নির্বাচনী সংস্কারের যৌক্তিকতা নীতিগতভাবে না মেনে ‘কমিটি গঠনের প্রস্তাব হাওয়াই ছুঁড়ে দিয়ে কাল ক্ষেপনের কৌশল নিয়েছেন।

কাল ক্ষেপনের কৌশলে অনিশ্চয়তা ও জটিলতা সৃষ্টি করে বিএনপি -জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে বলে তিনি জানান।

তিনি বলেন, শায়খ রহমান ও বাংলা ভাইকে গ্রেপ্তার করে খালেদা জিয়া যতই বাহবা নেয়ার চেষ্টা করুন না কেন, জনগণ ভালোভাবেই জানে কারা এদের মদদ দিয়ে আসছে।

তিনি শায়খ রহমান ও বাংলা ভাইয়ের মদদদাতা মন্ত্রী ও এমপিদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানান।

জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলামের লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ, জেলা জাসদের মোখসেদুর রহমান লেবু ও ছাত্রলীগ (স্ব-ত) কেন্দ্রীয় নেতা হোসাইন আহমেদ তফছির।