বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত শুনানি আবার ২ এপ্রিল পর্যন্ত মুলতবি
আপিল বিভাগের বিচারক বিচারপতি ফজলুল করিমের অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট বুধবার বিচার বিভাগ পৃথকীকরণ মামলার শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বুধবার সকালে মামলার শুনানির জন্যে উপস্থিত ছিলেন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন বনাম রাষ্ট্রপক্ষ নামে বহুল পরিচিত মামলাটির শুনানির জন্যে এ সিদ্ধান্তের ফলে সরকার পক্ষ আরো এক মাস সময় পেল।
অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনার ভিত্তিতে নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণে সরকারের গৃহীত পদক্ষেপ এবং সংসদে উত্থাপিত বিলটি ‘ফৌজদারি কার্যবিধি সংশোধন বিল ২০০৬’ সম্পর্কে বেঞ্চকে অভিহিত করেন।
আপিল বিভাগ বেঞ্চ আদালতকে জানান, একজন বিজ্ঞ বিচারকের অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে এ সংক্রান্ত শুনানি পরিচালনায় আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। ২ এপ্রিল আবারো শুনানি অনুষ্ঠিত হবে।
ব্যারিস্টার আমিরুল ইসলাম নয়জন আমলার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিচারবিভাগ পৃথকীকরণে সুপ্রীম কোর্টের ১২ দফা নির্দেশনা অবমাননার অভিযোগ এনে মামলা করলে আদালত তা শুনেছে বলে ধরে নেওয়া হয়।
আদালত আগামী ২ এপ্রিল সংশ্লিষ্ট সকল বিষয়ের পূর্ণাঙ্গ শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে।
আপিল বিভাগে ওই দিন শুনানির জন্যে নির্ধারিত মামলার কার্যতালিকায় এ বিষয়টিকে প্রথমে নিষ্পত্তির জন্যে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হুসাইন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবির চৌধুরী সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়াও বেঞ্চটিতে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারের উদ্যোগ এবং অপর নয়জন আমলার বিরুদ্ধে দায়েরকৃত আদালত অবমাননা আবেদনের শুনানি হবে।
গত ২২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছের হুসাইনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চটি ১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
ওইদিনই বিচার বিভাগ পৃথকীকরণ নামেই অধিক পরিচিত মাজদার হোসেন বনাম রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা দিকনির্দেশনা বিভিন্ন সময়ে লংঘন করার অভিযোগে মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমির - উল - ইসলাম আরও নয় সরকারি আমলার বিরুদ্ধে নতুন করে আদালত অবমাননা মামলা দায়ের করেন।
এ নয়জন আমলা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক আইন সচিব মো. আসাদুজ্জামান, সংস্থাপন সচিব মাহবুবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম, স্বরাষ্ট্র সচিব ও সাবেক সংস্থাপন সচিব সফররাজ হোসেন, সাবেক সংস্থাপন সচিব আনোয়ারুল বারী চৌধুরী, অর্থ সচিব জাকির আহমেদ খান এবং সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান।
অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ২২ ফেব্রুয়ারি অ্যাফিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টের ১২ দফা দিকনির্দেশনার প্রেক্ষিতে সরকারের অগ্রগতি আদালতে পেশ করেন।
আপিল বিভাগের বিচারপতি এমএম রুহুল আমিনের অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট ২২ ফেব্রুয়ারি মার্চের ১ তারিখ পর্যন্ত শুনানি স্থগিত করেন।
সর্বোচ্চ আদালত অভিযুক্ত নয় সরকারি আমলাকে আদালত অবমাননা এবং সশরীরে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দিকনির্দেশনা লংঘন করার প্রেক্ষিতে আদালত যে নয় সরকারি আমলার বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত রুল জারি করেছেন বুধবারের শুনানিতে তারা প্রত্যেকে সশরীরে হাজির হন।
অভিযুক্ত নয় আমলা হলেন- যুগ্ম সংস্থাপন সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মোঃ আব্দুর রব হাওলাদার, ডেপুটি সচিব মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারী সচিব মোঃ খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক ডেপুটি সচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, মন্ত্রিপরিষদ সচিবালয়ের ডেপুটি সচিব মো. ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সচিব একেএম মোতালেব হোসেন।
সরকারের প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগ পৃথকীকরণে ২০০৫ সালের ২০ অক্টোবর সরকার আরও চার মাস সময় চাইলে আদালত আবেদনটি বাতিল করে দেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বিচার বিভাগ পৃথক করতে সরকার এ পর্যন্ত ২২ দফা সময় চেয়েছে।
অভিযুক্ত নয়জন আমলার পক্ষে বুধবার মামলা পরিচালনা করেন অ্যাড. টিএইচ খান। তিনি অভিযুক্তদের আদালত কক্ষে বসার সুযোগ দেওয়ার আবেদন জানালে আদালত তাদের আদালত কক্ষের বেঞ্চে বসার অনুমতি দেন।
