২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত

জাতীয় সংসদের ২০ তম অধিবেশন মঙ্গলবার স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 10:10 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সমাপনী দিনে সংসদ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দীর্ঘ বক্তব্য রাখেন।

ব্যারিস্টার জমির উদ্দিন তার সমাপনী বক্তব্যে বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল কেন্দ্র সংসদ। সংসদকে প্রানবন্ত ও সচল রাখা সকল সংসদ সদস্যের মহান কর্তব্য। আমি আশা করি ভবিষ্যতে সকল সংসদ সদস্য আইন প্রণয়নসহ সংসদের সকল কার্যক্রমে অংশ নিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। জনগণের, এলাকার, দেশের কিছু কিছু ক্ষেত্রে আর্ন্তজাতিক অঙ্গনের সমস্যাদি নিয়ে সংসদে আলোচনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

স্পিকার জানান, ২০ কার্য দিবসের এ অধিবেশনে ১৫ টি বিল পাস হয়েছে। আইন প্রণয়ন কার্যক্রম ছাড়াও বর্তমান অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৫০৯ টি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩৬ টি গৃহীত হয়েছে এবং ২১ টি আলোচিত হয়েছে এবং ২ মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা ছিলো ১৭৪ টি। ৬২ বিধিতে প্রাপ্ত ১৬৩ টি নোটিশের সবগুলোই নিস্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

জমিরউদ্দিন সরকার বলেন, সংসদ পরিচালনায় মাননীয় ডেপুটি স্পীকার ও আমি নিজে নিরপেক্ষতা বজায় রেখেছি। আওয়ামী লীগসহ বিরোধী দলীয় সংসদ-সদস্যগণের সংখ্যার আনুপাতিক হারের বেশী সময় তাদের বক্তব্য রাখার সুযোগ দিয়েছি।

সবশেষে স্পিকার অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশটি পাঠ করে শোনান।