২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বচনের স্বার্থে সংস্কার এখন অপরিহার্য: সংসদে শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তিনি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা খালেদা জিয়ার উপস্থিতিতে আবারো অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নিতে জোট সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার এখন অপরিহার্য।

শেখ হাসিনা সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে টানা ১ ঘন্টা ২০ মিনিট বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’এর জন্যে ভোটার তালিকা করা হচ্ছে। আমরা চাই ভোটার তালিকা সংশোধন করা হবে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, হাওয়া ভবনের সিন্ডিকেট ব্যবসা নিয়ন্ত্রণ ও গ্রীস্মে লোড শেডিং থেকে জনগণকে রেহাই দেবেন কি না? গ্রেনেড হামলা, অস্ত্র উদ্ধার ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হবে কি না? বাংলা ভাই বা শায়খ আবদুর রহমান শুধু নয়, জঙ্গিদের মদদদাতা মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না?

তিনি আরো প্রশ্ন রাখেন, দুর্নীতি রোধে পুরোপুরি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করবেন কি না? বিচার বিভাগ পৃথক করবেন কি না?

শেখ হাসিনা জানতে চান, প্রধানমন্ত্রী কি সংসদ নেতা, না অন্য কেউ সরকার চালাচ্ছে? প্রধানমন্ত্রী হিসেবে আপনি বিদ্যুৎ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার জন্যে পশ্চিমা গণতন্ত্রের রীতি অনুসরণ করে পদত্যাগ করেবেন কি না?