১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ: ঝিনাইদহে ২১ জনের ফাঁসির আদেশ
ঝিনাইদহ জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইবুনাল আদালতের সিনিয়র বিচারক সা কা ম আনিছুর রহমান মঙ্গলবার এক রায়ে গত বছরের ১৭ আগস্ট ঝিনাইদহ জেলা শহরে সিরিজ বোমা হামলার দায়ে ২১ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো-তরিকুল ইসলাম ওরফে রিংকু, মনিরুল ইসলাম ওরফে মোখলেছুর, নাসরুল্লাহ ওরফে চান্নু, রোকনুজ্জামান ওরফে মিথুন, আবু তালেব আনসারী ওরফে বাবুল আনসারী, মোহন, মামুনুর রশিদ ওরফে মামুন, মুহিদ, মোজাম্মেল হক ওরফে মোজাম, তুহীন রেজা, সবুজ আলী ওরফে সবুজ, আমিরুল, ফারুক হুসাইন, মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হক মন্ডল, জহিরুল আল মামুন ওরফে চান, বিল্লাল হোসেন, সদরুদ্দিন, রবজেল হোসেন ওরফে রবজেল, আজিজুর রহমান, ইউনুস আলী এবং আজিম উদ্দিন।
আসামি মোহন, তুহীন রেজা ও মতিন মেহেদী পলাতক রয়েছে।
১৯ পৃষ্ঠার রায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের তফশীলভুক্ত ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (১৯৮৭ সনের ২১ নং আইন দ্বারা সংশোধিত) এর ৩ ও ৩-এ ধারা অনুসারে বিচারে আসামিরা সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ১৭ আগস্ট আসামিরা সকাল১১ টা ১৫ মিনিটের সময় জজ কোর্ট প্রাঙ্গনসহ শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা চালায়। বোমায় রাসেল নামে আট বছরের একটি শিশু আহত হয়।
বোমা হামলার পর পুলিশ জেএমবি সদস্য রিংকু ও মিথুনকে গ্রেপ্তার করে। তারা ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত এ মামলায় মোট ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
