২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুন্নুকে বিচারকার্য পরিচালনা থেকে বিরত থাকার আদেশ আরও ৪ সপ্তাহ বাড়িয়েছে হাইকোর্ট

হাইকোর্ট রোববার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নুর বিচারকার্য পরিচালনা থেকে বিরত থাকার আদেশ আরও চার সপ্তাহের জন্যে বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রোববার রিট আবেদনকারীর আবেদনের শুনানি শেষে আগের স্থগিত আদেশের মেয়াদ আরও বর্ধিত করার আদেশ দেয়।

মামলার শুনানিকালে চুন্নুর পক্ষের কৌঁসুলী ব্যারিস্টার জিয়াউর রহমান খান মামলাটি এ বেঞ্চ থেকে স্থানান্তরের আবেদন জানান।

তিনি জানান, তার মক্কেল এ বেঞ্চে মামলার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।

বিবাদী কেন এ বেঞ্চে মামলার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, আদালত কৌঁসুলীর কাছে তা জানতে চাইলে ব্যারিস্টার জিয়াউর রহমান খান কোনও উত্তর দিতে পারেননি।

সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির ব্যাপারে কোনও আপত্তি থাকলে তা প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদনের মাধ্যমে জানানোর জন্যে আদালত জিয়াউর রহমান খানকে পরামর্শ দেন।

ক্ষমতাসীন বিএনপি’র দলীয় কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে ১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. খায়রুল আলম পিপুল জনস্বার্থে চুন্নুর বিরুদ্ধে একটি রিট আবেদন দায়ের করেন।

হাইকোর্ট ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দু’সপ্তাহ বিচারকার্য স্থগিত রাখার জন্যে চুন্নুর প্রতি আদেশ জারি করেন।

অভিযুক্ত বিচারক চুন্নুর বিরুদ্ধে সরকারি চাকুরিবিধি অনুযায়ী কেন আইনি ব্যবস্থা নেয়া হবে না, সে ব্যাপারে দু’সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্যে হাইকোর্টের ওই বেঞ্চ সরকারের প্রতিও একটি আদেশ জারি করে।

হাইকোর্ট বিচারকার্য থেকে বিরত থাকার জন্যে যে আদেশ জারি করে, তা স্থগিত করার আবেদন জানিয়ে বিচারক চুন্নু ১৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আবেদন করেন।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১৬ ফেব্রুয়ারি চুন্নুর আবেদন খারিজ করে দেন এবং তাকে হাইকোর্টের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ইনায়েতুর রহিম।