সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবেনা, প্রধানমন্ত্রীর জবাবের অপেক্ষায় রয়েছি: শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে জাতীয় সংসদে দেওয়া প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জবাবের প্রতীক্ষায় রয়েছেন।
রোববার বগুড়ায় এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেখা যাক সংসদে তিনি (বেগম জিয়া) কি উত্তর দেন।
দিনাজপুরে ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশ শেষে ঢাকা ফেরার পথে বগুড়ার পর্যটন মোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও বলেন, জনস্বার্থে তার দল জাতীয় সংসদে ফিরেছে এবং সংস্কার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, আমাদের দাবি মানা না হলে, সংস্কার বাস্তাবায়ন না করলে আমরা আন্দোলনের কঠোর কর্মসূচিতে যাবো।
বিএনপি-জামাত জোট সরকারকে সতর্ক করে তিনি বলেন, সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের জনগণ কারচুপির কোন নির্বাচন সহ্য করবে না।
শেখ হাসিনা বলেন, দেশের বর্তমান সংকট ও রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য জনগণকে আন্দোলনে নামিয়ে আনতে একটি ডাক দেয়াই যথেষ্ট। কারণ জনগণ রাজপথে নামার অপেক্ষায়। কঠোর আন্দোলনে জোট সরকারের ‘তখত তাউস’ উড়ে যাবে।
এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, তার দল সংসদে গিয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে যাতে সরকারি দল কোন অজুহাত তুলতে না পারে। এখন এই সংস্কার প্রস্তাবনা জাতীয় সংসদের দলিলে পরিণত হয়েছে। প্রথানুসারে, সরকার এই প্রস্তাবের ওপর কোন বিল না আনলে তা আলোর মুখ দেখবে না। সুতরাং সরকারকেই এই বিল আনতে হবে।
জঙ্গিবাদ বিষয়ে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন। ফলে যদি জঙ্গিবাদের জন্যে কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে খালেদা জিয়াকেই সবার আগে গ্রেপ্তার করতে হবে। তিনি কেন তার মন্ত্রী ও দলীয় সাংসদদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা নিচ্ছেন না?
দেশে কোন আইনের শাসন নেই বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সার, বিদ্যুত ও জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলার অবনতি এবং দুর্নীতি সন্ত্রাসে জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে তিনি প্রধানমন্ত্রী ও তার পুত্র তারেক রহমানকে দায়ী করে বলেন, দুর্নীতি করে অর্থ সম্পদ গড়তে প্রতিটি ক্ষেত্রেই তারা সিণ্ডিকেট করে বাণিজ্য করছেন।
উত্তর জনপদের মানুষের সাথে প্রধানমন্ত্রীর কেন এতো বৈরীভাব এবং শত্রুতা প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, উত্তরাঞ্চলের মানুষকে বাড়তি মূল্যে জ্বালানি কিনতে হবে? উত্তরবঙ্গকে কেন তিনি সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চান?
আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের মানুষ তাকে (খালেদা জিয়া) আর ক্ষমতায় দেখতে চায় না। দিনাজপুরের মহাসমাবেশ সফল জনগণ এই সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানিয়ে দিয়েছে।
বিদ্যুৎ সংকট প্রশ্নে শেখ হাসিনা জানান, যদি আওয়ামী লীগ সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়ন করা হতো তাহলে ২০০৬ সালে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়াতো ৫৭০০ মেগাওয়াট। তা সম্ভব হলে কোথাও কোন বিদ্যুৎ ঘাটতি থাকতো না। কিন্তু দেশ পরিচালনায় ব্যর্থ দুর্নীতিবাজ জোট সরকার গত চার বছরে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি।
তিন দিনের উত্তরবঙ্গ সফর শেষে ঢাকা ফেরার পথে দিনাজপুরের আমবাড়ি বাজার, ফুলবাড়ি এবং ঘোড়াঘাটের রাণীগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা ।
