২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রামে গার্মেন্টস দুর্ঘটনা: সংসদ উত্তপ্ত

ঢাকা ও চট্টগ্রামের গার্মেন্টস দুর্ঘটনা, অসংসদীয় শব্দ সংসদে এক্সপাঞ্জ করা সত্বেও তা সংবাদপত্রে প্রকাশ ইত্যাদি ইস্যুতে রোববার সকালে সংসদের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সরকার ও বিরোধী দলের সদস্যরা একের পর এক গার্মেন্টস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

দুদিন বিরতির পর রোববার সকাল সোয়া ১১টায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপণের পরই পয়েন্ট অব অর্ডারে সরকার দলীয় হুইপ রেজাউল বারী ডিনা এক্সপাঞ্জ করা শব্দ সংবাদপত্রে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ ব্যাপারে স্পিকারের রুলিং দাবি করেন।

আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম ঢাকা ও চট্টগ্রামের গার্মেন্টস দুঘর্টনায় দুঃখ প্রকাশ করে বলেন, একের পর এক মানুষ লাশ হচ্ছে। কিন্তু এর সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঘটনার পর সরকারের পক্ষ থেকে তৎপরতা দেখানো হলেও কিছুদিনের মধ্যে তারা এসব ভুলে যায়।

তিনি সাভারের স্পেকট্রাম গার্মেন্টস, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও তদন্তের কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এসব প্রতিবেদনের ভিত্তিতে কারো বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম এসব ঘটনার জন্য সকল দলের সদস্যদের সমন্বয়ে একটি সংসদীয় কমিটি গঠন করার জন্য স্পিকারের কাছে দাবি জানান।

স্বতন্ত্র সাংসদ এমএম শাহীন ফ্লোর নিয়ে বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। সংসদে সকল সাংবাদিক প্রবেশ করতে পারেন। কিন্তু বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা প্রবেশ করতে পারে না। সকলেই প্রবেশ করতে পারলে, অধিবেশনে টিভি ক্যামেরার প্রবেশে বাধা কোথায়?

তিনি এ ব্যাপারে স্পিকারের একটি রুলিং কামনা করেন।

এ পর্যায়ে স্পিকার বলেন, বিগত দিনে বেসরকারি কোনো টিভি ক্যামেরা প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই এখনো তাদের এই অনুমতি দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা করা যেতে পারে।

এ পর্যায়ে পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ঢাকা ও চট্টগ্রামে গার্মেন্টস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিগত দিনেও এ ধরনের দুর্ঘটনা হয়েছে। ভবন নির্মাণের দূর্বলতার জন্য এ ধরনের ঘটনা বার বার ঘটছে। এর সাথে জড়িত কাউকেই ছাড়া হবে না। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ঢাকার তেজগাঁয় ধসে পড়া ভবনটি বিল্ডিং কোড লঙ্ঘন করে দোতলা ফাউন্ডেশনের ওপর চারতলা ভবন হিসেবে নির্মাণ করা হয়েছে বলে জানান। এজন্য সরকারি কর্মকর্তাদের উদাসীনতা কিছুটা দায়ী বলেও তিনি উল্লেখ করেন।

এ পর্যায়ে বিএনপির সাংসদ হেলেন জেরিন খান তার ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে আওয়ামী লীগ সাংসদ শাজাহান খানকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি একজন নিুমানের চাঁদাবাজ ও মাস্তান। তার হাতে এলাকার অনেক মানুষ খুন হয়েছে। খুন ও অস্ত্র রাখার দায়ে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।

এ সময় আওয়ামী লীগের সাংসদরা ফ্লোর দাবি করে হইচই শুরু করলে স্পিকার শাজাহান খানকে ফ্লোর না দিয়ে অসংসদীয় শব্দগুলো এক্সপাঞ্জ করেন।

এ সময় শেখ ফজলুল করিম সেলিম বিভিন্ন গার্মেন্টস দুঘর্টনায় সংসদীয় কমিটি গঠনের দাবিকে সমর্থন করে হতাহতদের জন্য উপযুক্ত ক্ষতিপুরণ এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ এ সময় ফ্লোর নিয়ে শাজাহান খানকেও ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ দানের দাবি জানান।

তিনি বলেন, স্পিকারকে সংসদ পরিচালনার স্বার্থে সমতা আনতে হবে। অন্যদেরও ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ দিতে হবে।

তিনি বিভিন্ন গার্মেন্টস ও লঞ্চ দুর্ঘটনার জন্য গঠিত তদন্ত কমিটির রির্পোট প্রকাশ ও এর ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া গার্মেন্টস দুঘর্টনায় দুঃখ প্রকাশ করে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্পিকারের কাছে সংসদের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় আবারো অসংসদীয় বক্তব্য বন্ধ করার উদ্যোগ নেওয়ার আহবান জানান।

ব্যারিস্টার মওদুদ আহমেদ সংসদে সকল ব্যক্তিগত আক্রমণের কৈফিয়ত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদে বাজেট বা রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় ব্যক্তিগত আক্রমন খুবই খারাপ চর্চা।

তিনি অসংসদীয় বক্তব্য তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেওয়ার জন্য স্পিকারকে পরামর্শ দেন।

পরে স্পিকার শাজাহান খানকে ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ দিলে তিনি বলেন, সংসদে ওই মহিলা সাংসদই অসংসদীয় ভাষায় আক্রমন প্রথমে শুরু করেছিলেন। তার আক্রমনের কারেণেই আমি অসংসদীয় শব্দ ব্যবহার করতে বাধ্য হয়েছি।

তিনি হেলেন জেরিন খানকে ‘বোন’ হিসেবে উল্লেখ করে বলেন, তারই উস্কানীতে এলাকার তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হলে একজন সর্বহারা পার্টির সদস্যকে থানা বিএনপির সভাপতি করা হয়। এলাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এ কারণে তিনি আমার বিরুদ্ধে এ ধরনের আক্রমণাÍক বক্তব্য রেখেছেন।