বিচার বিভাগ পৃথকীকরণ বিল সংসদে উত্থাপন
বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ রোববার ‘দি কোড অব ক্রিমিনাল প্রোসিডিওর (সংশোধন) বিল, ২০০৬’, নামে এ বিলটি সংসদে উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই মাসের মধ্যে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। অর্থাৎ এপ্রিল মাসে যে অধিবেশন বসবে তখন এটা পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিল প্রসঙ্গে আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় ‘কোড অব ক্রিমিনাল প্রোসিডিওর, ১৮৯৮’-এর অধীনে একজন ম্যাজিস্ট্রেট একই সাথে বিচারক ও নির্বাহী প্রকৃতির ক্ষমতাপ্রাপ্ত। সংবিধানের ২২ অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ নিশ্চিত করার নির্দেশনায় রয়েছে।
তিনি বলেন, সাংবিধানিক নির্দেশনার আলোকে ইতোমধ্যে মন্ত্রিসভা কমিটি জুডিশিয়াল সার্ভিস বিধিমালা জারি করেছে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়েছে।
বিলের প্রস্তাবনা অনুযায়ী, ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বিভাজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ম্যাজিস্ট্রেসি সৃষ্টি করা হবে। এর ফলে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি কমিশনাররা নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর ক্ষমতা প্রয়োগ করবেন।
অন্যদিকে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, বিলটি আইন আকারে বলবৎ হওয়ার পর থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির শূন্যতা দুর করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা সাত বছর পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সাথে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটরাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা এসব পদে প্রেষণে নিয়োজিত থাকবেন এবং পূর্ব পদে ফিরে যেতে পারবেন।
