২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নদী সংযোগ ও পানি প্রত্যাহারের প্রতিবাদে বাসদের লংমার্চ শুরু, ১ মার্চ কুড়িগ্রামে শেষ হবে

ভারতে নদী সংযোগের মাধ্যমে বিভিন্ন নদীর পানি প্রত্যাহারের প্রতিবাদে ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শনিবার থেকে পাঁচদিনের লংমার্চ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

লংমার্চটি মুক্তাঙ্গন থেকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর হয়ে ১ মার্চ কুড়িগ্রামে গিয়ে শেষ হবে।

সকাল ১১টায় ঢাকার মুক্তাঙ্গনে এক সমাবেশে বাসদের আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান লংমার্চের উদ্বোধন করেন।

পরে লংমার্চটি মুক্তাঙ্গন থেকে পল্টন, মালিবাগ ও বাড্ডা হয়ে গাজীপুরের উদ্দেশে রওয়ানা হয়। এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। এছাড়াও টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ গিয়ে সন্ধ্যায় নেতৃবৃন্দ এক জনসভায় বক্তব্য রাখবেন।

উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা ড. এসআই খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, কামরুল আলম সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে এক সময় এক হাজার ২০০ নদী ছিল। এর সংখ্যা কমে বর্তমানে মাত্র ২৩০টি নদীর অস্তিত্ব রয়েছে। যার মধ্যে শুষ্ক মৌসুমে মাত্র ৬০ থেকে ৬৫টি নদী প্রবাহমান থাকে।

তারা ভারতের বিভিন্ন সংযোগ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বলেন, ভারত ইতোমধ্যে পদ্মা, তিস্তা, মনু ও খোয়াইসহ ১৬টি নদীর মুখে বাঁধ দিয়েছে। আরো ৪৮টি নদীর মুখে বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গোটা বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে।