ভোটার তালিকা থেকে নাম কাটা গেল কিনা সে বিষয়ে সর্তক থাকবেন: হাসিনার আহ্বান
ভোটার তালিকা থেকে কারো নাম যাতে কাটা না যায় সে বিষয়ে বিষয়ে সর্তক থাকার জন্য শুক্রবার জনগণের প্রতি আহ্বান জানালেন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিএনটি-জামাত জোট ভোটার তালিকা প্রণয়ন করা নিয়ে লুকোচুরি খেলায় মেতেছে। জোট সরকার আগামী নির্বাচনের ফলাফল নিজের পক্ষে নেয়ার জন্য ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জনগণকে এ বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, এই ভোট ডাকাতদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন।
উত্তরবঙ্গ সফরকালে সিরাজগঞ্জের চান্দিকোনা বাজারের কাছে এক বিশাল পথসভায় তিনি এই আহ্বান জানান।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকালে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রওয়ানা হয়েছেন।
এই সফরকালে তিনি দিনাজপুরে চৌদ্দ দল আয়োজিত এক বিশাল জনসভায় ভাষন দেবেন।
তিনি বর্তমান বিএনপি-জামাত সরকারের কার্যকলাপ প্রসঙ্গে বলেন, জোট সরকার ভালোভাবেই জানে তারা সংস্কার প্রস্তাব না মেনে নির্বাচন আয়োজন করতে পারবেনা।
তিনি বলেন, এ কারণেই তারা ভোটার তালিকায় জালিয়াতি করছে। তিনি জোট সরকারকে সর্তক করে দিয়ে বলেন, জনগণ তাদের ইচ্ছাকে কখনোই বাস্তবায়ন করতে দেবেনা।
হাসিনা জোট সরকারের এই হীন প্রচেষ্টা রুখে দিতে প্রতিটি গ্রাম ও এলাকায় প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বাণ জানান।
শেখ হাসিনা জোট সরকারের সমালোচনা করে বলেন, তারা সরকারী অর্থের অপচয় করছে। তিনি তার সরকারের আমলের শাসণামলের কথা উল্লেখ করে বলেন, সে সময়ে সার ও ডিজেল সহজলভ্য করার জন্য ভর্তুকি দেয়া হয়েছিলো।
সার, ডিজেল, বিদ্যুৎ সংকট সহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদির মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি কৃষিতে ১৩০০ কোটি টাকা ভর্তুতি দিয়েই থাকেন তবে আজ এতো সংকট কেন।
তিনি বলেন, তার শাসণামলের চালের দাম কেজি প্রতি ১০ টাকা ছিল, যা এখন ২০ টাকা। দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এরপর আবার এই সরকার ক্ষমতায় আসলে চালের কেজি ৪০ টাকা হবে। তাই যদি দেশের ভালো চান তবে এদের বিরুদ্ধে সর্তক থাকবেন।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের টেক্সটাইল কারখানায় আগুণ লাগার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তিনি ৫৫ জন শ্রমিকের জীবন্ত দগ্ধ হয়ে মারা যাবার খবর শুনেছেন।
তিনি দাবি করেন, প্রকৃত ঘটনা সম্পর্কে জানার জন্য সাংবাদিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
তিনি দেশের খারাপ অবস্থার জন্য বিএনপিকে দায়ী করে বলেন, এই সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে একের পর এক অঘটন ঘটে।
তিন দিনের উত্তরবঙ্গ সফর কালে হাসিনা তার ভাসুর আবদুল ওয়াহেদ কানু মিয়ার কবর জেয়ারত করতে যাবেন। সেখানে তিনি ফাতেহা পড়বেন এবং পীরগঞ্জের ফতেপুরে কুলখানিতে অংশ নেবেন।
তিনি এই সফর কালে দিনাজপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। আগামী রোববার তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
