ঝিনাইদহের বিএনপি দলীয় সাংসদ শহীদুল ইসলামের বিরুদ্ধে হুমকির অভিযোগ
ঢাকা স্পেশাল ট্রাইব্যুনাল-এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সুলতানা জামান বৃহস্পতিবার ঝিনাইদহ-৩ আসনের ক্ষমতাসীন বিএনপি দলীয় সাংসদ শহীদুল ইসলামের বিরুদ্ধে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ এনেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন লাভের চেষ্টা করায় শহীদুল মাস্টার আমাকে অব্যাহত হুমকি দিচ্ছেন। ১৮ ফেব্রুয়ারি রাত ১০টায় যখন আমি ঝিনাইদহে মহেশপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলাম, তখন শহীদুল মাস্টারের সন্ত্রাসীরা আমার বাড়িতে এসে উপস্থিত হয় এবং জোরপূর্বক আমাকে জিন্নাহনগর বাজারে অপেক্ষমান শহীদুল ইসলামের কাছে নিয়ে যায়।
শহীদুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ)-এর যুগ্ম মহিলা সম্পাদক অ্যাড. সুলতানা জামান বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
অ্যাড. সুলতানা জামান বলেন, অস্ত্রের মুখে শহীদুল ইসলাম তাকে জিন্নাহনগর বাজারের একটি কক্ষে আটকে রাখে এবং রাত সাড়ে ১১টার দিকে তাকে এলাকা ত্যাগ করতে বলেন।
তিনি অভিযোগ করেন, রাতের অন্ধকারে আমি এলাকা ত্যাগ করতে অস্বীকৃতি জানালে শহীদুল ইসলাম আমাকে লাঞ্ছিত করে এবং প্রকাশ্যে শত শত মানুষের সামনে হত্যার হুমকি দেয়। এমপি শহীদুল ইসলাম আমাকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করে ও জোরপূর্বক একটি সাদা কাগজে আমার স্বাক্ষর নেয়।
তিনি বলেন পুলিশকে জানানোর পর তারা সেখানে যায় এবং ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, আমি যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, সে কারণে শহীদুল ইসলাম আমাকে নিজ জেলায় না প্রবেশ করার জন্যেও হুমকি দেয়।
তিনি অভিযোগ করে বলেন, পরবর্তী যে কোনো অপ্রীতিকর ঘটনার আশংকা করে আমি ঢাকা ফিরে আসি, কিন্তু শহীদুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকিতে সেখানে আমার পরিবারের সদস্য ও স্বজনরা নিরাপত্তাহীনতর মধ্যে বসবাস করছে।
ঘটনার তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে বিএনপি হাই কমান্ডের প্রতি দাবি জানান অ্যাড. সুলতানা জামান।
