দেশে কোনো সার সংকট নেই: নিজামী
ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী দাবি করেছেন, দেশে কোনো সার সংকট বিরাজ করছে না। কারণ চাহিদার তুলনায় প্রয়োজনীয় ইউরিয়া সারের সরবরাহ রয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩০০ বিধিতে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
মতিউর রহমান নিজামী বলেন, বিগত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় দেশে সার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর খবর প্রচারিত হচ্ছে। কিন্তু দেশে চাহিদার তুলনায় প্রয়োজনীয় পরিমাণ ইউরিয়া সারের সরবরাহ রয়েছে। তাই সার সংকটের কোনো কারণ নেই।
নিজামী বলেন, কৃষি মন্ত্রণালয় চলতি অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা ২৭ লাখ মেট্রিক টন নির্ধারণ করেছে। এই পরিমাণ সার সরবরাহের জন্যে ৩০ দশমিক ৬২ লাখ মেট্রিক টন সার সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়।
নিজামী বলেন, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছে ১৮,৪৩,০০০ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের অবশিষ্ট সাতদিন ও পুরো মার্চ মাসের চাহিদার বিপরীতে প্রয়োজনীয় সারের মজুদ রয়েছে। তাই চলতি চড়া মৌসুমে সারের কোনো ঘাটতি হবে না।
শিল্পমন্ত্রী বলেন, চলতি ফেব্রুয়ারি মাসের সারের চাহিদা হচ্ছে ৪ দশমিক ৪৬ লাখ মেট্রিক টন। এর বিপরীতে ৩ দশমিক ৪২ লাখ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের চাহিদা অনুযায়ী আরো ১ দশমিক ১৮ লাখ মেট্রিক টন সার সরবরাহ করা হচ্ছে। ফলে ফেব্রুয়ারি মাসে মোট প্রাপ্তি দাঁড়াবে ৪ দশমিক ৬ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, অপরদিকে মার্চ মাসে সারের চাহিদা হচ্ছে ২ দশমিক ৭৫ লাখ মেট্রিক টন। এ মাসে আমদানি, উৎপাদন ও প্রারম্ভিক মজুদসহ মোট প্রাপ্তি দাঁড়াবে ৩ দশমিক ১৫ লাখ মেট্রিক টন। সুতরাং মার্চ মাসের চাহিদা মেটানোর জন্যে পর্যাপ্ত সার মজুদ রয়েছে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, কতিপয় পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সার সরবরাহের কথিত সমস্যার কথা উল্লেখ করে চলতি মৌসুমে ইরি-বোরো আবাদ ব্যাহত হবে বলে আশংকা করা হয়েছে। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি ২০০৬ পর্যন্ত সারা দেশে ৮৭ দশমিক ৪৩ শতাংশ ইরি-বোরো আবাদ সম্পন্ন হয়েছে। সুতরাং সার সংকটের কারণে চলতি মৌসুমের ইরি-বোরো আবাদে কোনো বিঘ্ন সৃষ্টি হওয়ার আশংকা অমূলক।
