২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব মানবেন কি-না, প্রধানমন্ত্রীকে তা বলতে হবে: যোগদান অনুষ্ঠানে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব মানবেন কি-না, তা আপনাকে স্পষ্ট করে বলতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

অন্যথায় কীভাবে মানাতে হয়, তা বাংলার মানুষ ভালো করেই জানে।

বৃহস্পতিবার বিভিন্ন জেলার নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান উপলক্ষে ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জোট সরকারের ভোট কারচুপির চক্রান্তের’ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্যে আপনারা আন্দোলন গড়ে তুলুন।

শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ব্যর্থ জোট সরকার ক্ষমতায় থাকলে দেশের কোনো সমস্যা ও সংকটেরই সমাধান হবে না। মানুষ বিদ্যুৎ, ডিজেল, সার পাবে না। দ্রব্যমূল্য কমবে না। তাই প্রতিটি গ্রাম-গঞ্জে, ইউনিয়ন পর্যায়ে লুটেরা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। একাত্তরের পরাজিত শত্রুদের বাংলার মাটিতে বাংলার মানুষকে নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব শামসুল ইসলাম (লক্ষ্মীপুর), সাবেক উপ সচিব আমিনুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ), ব্যারিস্টার মোকসেদুল ইসলাম (সৈয়দপুর) এবং শিল্পপতি সাগর চৌধুরী (পাবনা) শেখ হাসিনার হাতে ফুলের তোড়া ও নৌকা প্রতিকৃতি উপহার দিয়ে প্রচুর সংখ্যক লোকজন নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

আওয়ামী লীগ প্রধান তাদের দলে স্বাগত জানিয়ে বলেন, আপনারা এমন এক সময়ে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হলেন, যখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ডিজেল, বিদ্যুৎ, সার সংকট এবং সরকারের সন্ত্রাস, দুর্নীতি, অত্যাচার নির্যাতনে দেশের মানুষ অতীষ্ঠ, দিশেহারা।

শেখ হাসিনা বলেন, ভোট কারচুপি করে ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে। ক্রসফায়ারে বিনাবিচারে মানুষ খুন আর গণহত্যা চালাচ্ছে তারা। গত চার বছরে তারা লাশ আর রক্ত ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। অন্যদিকে দুর্নীতি করে দেশের মানুষের অর্থ সম্পদ লুট করছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের সম্বল ছিল ভাঙ্গা সুটকেস, তারা এখন দেশের সবচেয়ে ধণাঢ্য পরিবার।

বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকার সংকট সৃষ্টি করে সার, চিনিসহ সব কিছুতেই ব্যবসা করছে। সব কিছুতেই তারা মুনাফা খোঁজে। ব্যবসা করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়িয়েছে তারা। প্রধানমন্ত্রীর পরিবার এবং হাওয়া ভবনকে কমিশন দেওয়া ছাড়া কেউ ব্যবসা করতে পারে না।

বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে গৃহীত উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, জোট সরকার দেশে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। সামনে এসএসসি পরীক্ষা। কিন্তু বিদ্যুতের অভাবে পরীক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না। অন্যদিকে বিদ্যুতের দাবি জানানোর অপরাধে ১০ জন কৃষককে হত্যা করেছে এ সরকার।

তিনি বলেন, খালেদা নিজামী সরকার দেশে জঙ্গিবাদের সৃষ্টি ও লালন করে তাদের দিয়ে বোমা মেরে মানুষ খুন করাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণœ করছে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় তারা। তাই এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। জোট দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।