বিএনপি এমপি’র বক্তব্য, সার, ডিজেল ও বিদ্যুত সংকট নিয়ে সংসদ উত্তপ্ত
বিএনপির মহিলা সাংসদ হেলেন জেরিন খানের ‘কুরুচিপূর্ণ’ শব্দের ব্যবহার এবং সার, ডিজেল ও বিদ্যুতের সংকট নিয়ে সংসদ মূলতবি করে সাধারণ আলোচনার দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে সংসদের বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে।
তবে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ও বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদের বক্তব্যের মাধ্যমে প্রায় ৩০ মিনিট ব্যাপি অনির্ধারিত আলোচনার অবসান ঘটে।
এ সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত না থাকলেও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংসদে ছিলেন।
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে সংসদের বৈঠক শুরু হয় নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর বেলা সাড়ে ১১টায়। কোরাম সংকটের কারণে বৈঠক বিলম্বে বসে। শুরুতেই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগ সাংসদ শাজাহান খান বুধবার রাষ্ট্রপতির ভাষণের জন্য আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় হেলেন জেরিনের বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখেন ।
তিনি হেলেন জেরিনের নাম উল্লেখ না করে তাকে ‘রাতের পাখি’ হিসেবে উল্লেখ করে বলেন, সামান্য একজন চাল ব্যবসায়ীর মেয়ে যিনি জিন্সের প্যান্ট পরে অনেক পূরুষের সম্ভ্রম হানি করেছেন। তাকে বিএনপি তিন লাখ টাকার বিনিময়ে সাংসদ বানিয়েছে। তিনি ওই সাংসদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।
শেখ ফজলুল করিম সেলিম অভিযোগ করেন, বিদ্যুত, সার ও ডিজেলের সংকট, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা, শাহ এএমএস কিবরিয়া হত্যাসহ ১০টি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জবাবদিহিতা করতে সরকার ভয় পায়। তাই তারা আওয়ামী লীগকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে এসব বিষয়ে বক্তব্য রাখতে বলছেন।
তিনি বলেন, সংসদকে যদি সকল আলোচনার কেন্দ্রবিন্দু করতে হয়, তাহলে এই সকল বিষয়ে সংসদ মূলতবি ও কার্যপ্রণালী বিধির আওতায় সাধারণ আলোচনা করতে হবে।
এই অনির্ধারিত বিতর্কে আরো অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ, সাংসদ আখম জাহাঙ্গীর হোসাইন ও অ্যাডভোকেট রহমত আলী।
আব্দুস শহীদ বলেন, বিরোধী দল ১০টি বিষয়ে আলোচনার জন্য ৬২ বিধিতে মূলতবি প্রস্তাব দিয়েছে। এ দাবির প্রেক্ষিতে বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় ওই বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। কিন্তু এতে মন্ত্রীদের জবাব দেওয়ার কোনো সুযোগ নেই।
আখম জাহাঙ্গীর ফ্লোর নিয়ে বলেন, একজন মহিলা সাংসদ বুধবার সংসদে অশালীন ভাষায় বক্তব্য রেখেছেন। কিন্তু স্পিকার তাকে অসংসদীয় ও কুরুচিপূর্ণ বক্তব্য রাখা থেকে বিরত না করে ওই ‘সুড়সুড়িমূলক’ বক্তব্য দেওয়ার জন্য সময় বাড়িয়ে দেন। তিনি ওইসব বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।
স্পিকার জমিরউদ্দিন সরকার ওই সাংসদের পরিচয় জানতে চাইলে শাজাহান খান হেলেন জেরিনের নাম উল্লেখ করেন। এ সময় বিএনপির সাংসদরা হৈ চৈ শুরু করে দেন। আওয়ামী লীগের সাংসদরাও উচ্চস্বরে এর জবাব দেন।
পরে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ বলেন, সরকার জবাবদিহিতায় ভয় পায়, তাই কার্যপ্রণালী বিধি মোতাবেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চায় না।
তিনি সংসদে কুরুচিপূর্ণ বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, যারা সাংসদ নন, তাদের সম্পর্কেও এমন বক্তব্য রাখা হচ্ছে। সংসদীয় রীতি অনুযায়ী, যারা আত্মপক্ষ সমর্থন করতে পারবে না, তাদের সম্পর্কে সংসদে বক্তব্য দেওয়া যাবে না।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশ্যে বলেন, কোনো অসংসদীয়, অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ পেলে, তা এক্সপাঞ্জ করে দেবেন। তিনি শাজাহান খানের বক্তব্যে ব্যবহৃত শব্দগুলোকেও কুরুচিপূর্ণ বলে উল্লেখ করেন।
এ সময় স্পিকার অসংসদীয়, অশালীন ও কুরুচিপূর্ণ শব্দগুলো এক্সপাঞ্জ করার ঘোষণা দেন এবং হেলেন জেরিনকে পরে কোনো এক সময় ব্যক্তিগত কৈফিয়ত দিতে বলেন।
