সংসদে রাষ্ট্রপতির ভাষণের সমালোচনায় মুখর বিরোধী দল, সরকারি দলের উচ্ছসিত প্রশংসা
দীর্ঘ পাঁচ দিন বিরতির পর বুধবার থেকে সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের জন্য আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আবারো আলোচনা শুরু হয়েছে।
বুধবার থেকে সংসদের বৈঠক দুবেলা চলবে। সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল সাড়ে চারটায়।
বুধবার প্রথম পর্বে প্রশ্নোত্তর, পয়েন্ট অর্ডার, একটি বিল পাসসহ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়। দ্বিতীয় পর্বেও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অব্যাহত থাকে।
বুধবার সকালে বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস ও শামসুর রহমান শরীফ এবং বিএনপির ডা. রুস্তম আলী ফরাজী।
আওয়ামী লীগের সাংসদরা রাষ্ট্রপতির ভাষণের তীব্র সমালোচনা করে বলেন, দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাস, দূর্নীতির কারণে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। বিদ্যুত, সার সংকট, ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষকদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এসব বিষয়ে রাষ্ট্রপতি কোনো কথা না বলে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন।
শাজাহান খান বলেন, রাষ্ট্রপতির ভাষণ কোন ভাষণ নয়, এটি একটি বুকলেট। রাষ্ট্রপতি তার ভাষণে জঙ্গিবাদও বোমা-গ্রেনেড হামলা সম্পর্কে কিছু বলেননি। সংস্কার প্রস্তাবকে পথ কাটানোর জন্য সরকার ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার নাটক করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার পরও তার পালন হয়নি। যে প্রধানমন্ত্রীর দেওয়ার নির্দেশ পালন হয়না তার ওই পদে থাকার কোন অধিকার নেই। তার পদত্যাগ করা উচিৎ। তিনি বাংলাদেশ ইতিহাস বিকৃতির সমালোচনা করে বলেন, পাঠ্যসূচিতে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। এর দায় দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।
তারা রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানাতে অস্বীকার করেন।
অপরদিকে সরকার দলীয় সাংসদ রুস্তম আলী ফরাজী ভাষণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রপতি সরকারের উন্নয়ন কাজের একটি খতিয়ান সংসদে তুলে ধরেছেন।
তিনি রাষ্ট্রপতির আহ্বানের সাথে একমত পোষণ করে বলেন, জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সরকার ও বিরোধী দলের এক টেবিলে বসা উচিত।
তিনি বলেন, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় সরকারি দলের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি বিরোধী দলেরও রয়েছে দায়িত্ব। কিন্তু আমরা কেউই এই দায়িত্ব যথাযথভাবে পালন করছি না। ফলে দেশ পিছিয়ে পড়ছে।
জাতীয় পার্টির নূর এ হাসনা চৌধুরী লিলি সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন বলেন, বিগত নির্বাচনে আমাদের প্রতিশ্রুতি ছিলো সন্ত্রাস দমন করে দেশবাসীকে শান্তি দেওয়া। বিরোধী দল কয়েকদিন আগেও মানবাধিকার রক্ষার কথা বলেছে। কিন্তু মানুষ চায় বাংলা ভাই ও শায়খ রহমানসহ সন্ত্রাসীদের দমন করা হোক।
তিনি বলেন, দেশে আজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। বিভিন্ন ধর্মের মানুষ নিশ্চিন্তে তাদের ধর্ম-কর্ম পালন করছেন।
তিনি আরো বলেন, প্রতিটি জিনিসের দাম বেড়েছে সত্যি; কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে।
মন্ত্রী বিরোধী দলকে সংসদে থাকার আহ্বান জানিয়ে বলেন, সংস্কার প্রস্তাবের নামে এতো আন্দোলন করার কিছু নেই। আর মাত্র কয়েকটা দিন আছে। সে পর্যন্ত অপেক্ষা করুন।
আওয়ামী লীগ সাংসদ এএইচএসকে সাদেক প্রশ্ন রেখে বলেন, সন্ত্রাস যদি দমনই হয়ে থাকে তবে কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে কে হত্যা করেছে?
তিনি বলেন, দেশের সবচে বড় সমস্যা ক্ষমতাসীন সরকার। এ সমস্যা দূর হলেই সব সব কিছুর সমাধান হবে।
কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জেএমবি ও জঙ্গিদের সম্পর্কে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংলাপ অনুষ্ঠানে আমি বলেছি, জঙ্গি ও বোমাবাজদের আমি চিনি না। তবে তাদের বাপের নাম আমি জানি। আর সেটি হচ্ছে, জামায়াত। প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও কোনো ব্যবস্থা নেননি।
এ ছাড়া বিএনপির লেফটেনেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও হেলেন জেরীন খান, আওয়ামী লীগের মোহাম্মাদ আলী ও আব্দুল মতিন সরকার, জামায়াতের মওলানা আব্দুল আজিজ প্রমুখ আলোচনায় অংশ নেন।
