বিরোধী জোটের সংস্কার প্রস্তাবে ক্ষমতাসীন দলকে সাড়া দিতে মার্কিন কংগ্রেসম্যান ক্রাউলির আহ্বান
সফররত মার্কিন কংগ্রেসম্যান জোসেফ এফ ক্রাউলি বুধবার বলেছেন, বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারে পার্লামেন্টে বিরোধী ১৪ দলের আনা সংস্কার প্রস্তাবে ক্ষমতাসীন দলের সাড়া দেওয়া উচিত।
দুদিনের সফরের শেষ দিনে বুধবার আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ক্রাউলি বলেন, আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় রয়েছি। পার্লামেন্টে কথা বলতে আমরা উভয় রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছি। আমি আশা করি, প্রস্তাবের ব্যাপারে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছ থেকে সাড়া পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে তিনি সংঘাতময় রাজনীতি, বাণিজ্য, মানবাধিকার, মৌলবাদসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
ক্রাউলি বলেন, অবাধ, নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের। নির্বাচন পর্যবেক্ষণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে।
মার্কিন সিনেটে বহুল প্রতিক্ষিত ট্রেড অ্যাক্ট ২০০৫ অনুমোদন সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হতাশাজনক পরিস্থিতির ইঙ্গিত দেন।
তিনি বলেন, ট্রেড অ্যাক্ট অনুমোদন করা কঠিন একটি প্রক্রিয়া। চলতি বছরের নভেম্বরে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও বিলটি পাসের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে, তবু প্রক্রিয়াটি যে সহজ নয় এটা বুঝতে হবে। তাই ফলাফল যাই হোক না কেন, সেজন্যে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
মার্কিন সিনেট ট্রেড অ্যাক্টে অনুমোদন দিলে বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি স্বল্পোন্নত দেশ (এলডিসি) মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ও অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে কোটামুক্ত সুবিধা লাভ করবে।
নভেম্বরের আগেই বিলটি অনুমোদন পেতে পারে কিনা এমন এক সম্পূরক প্রশ্নের জবাবে ক্রাউলি বলেন, পরিস্থিতির উপর বিষয়টি পুরোপুরি নির্ভর করবে। সময়ও সংক্ষিপ্ত।
তিনি বলেন, বিল চলতি বছরে পাস না হলে ২০০৭ সালে তা পাস করানোর চেষ্টা করা হবে।
চলতি বছরের ২৬ জানুয়ারি মার্কিন সিনেটে ট্যারিফ রিলিফ অ্যসিস্ট্যান্স ফর ডেভেলপিং ইকোনোমিক্স (ট্রেড) অ্যাক্ট ২০০৫ বিলটি উত্থাপন করা হয়।
এলডিসিভুক্ত কয়েকটি দেশকে দেওয়া বাণিজ্য সুবিধার পরিমাণ বৃদ্ধি করতে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপন করা হয়। রিপাবলিকান কংগ্রেস সদস্য জিম কালবি ও ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি বিলটি উত্থাপন করেন।
কংগ্রেসের বাংলাদেশ ককাসের কো- চেয়ার ক্রাউলি মঙ্গলবার দুদিনের সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, পররাষ্ট্রমন্ত্রী ও জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি মহান একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন এবং ঢাকেশ্বরী মন্দির, বকশিবাজারে অবস্থিত আহমদিয়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি আর্চবিশপ পলিনাস কস্টার সাথেও সাক্ষাৎ করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শনকালে তিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন।
জামায়াত নেতৃবৃন্দের সাথে বৈঠককালে তিনি আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ব্যাপারে তাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন এমন এক প্রশ্নের জবাবে ক্রাউলি বলেন, জামায়াত নেতৃবৃন্দ আমাকে বলেছেন, তারা ব্যক্তির বিশ্বাসকে সম্মান করেন। আমি তাদের বিশ্বাস করেছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে।
বিরোধী দল পার্লামেন্টে ফিরে আসায় মার্কিন কংগ্রেস সদস্য জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকজন বাংলাদেশীকে নির্যাতনের খবর ও মার্কিন যুক্তরাষ্ট্রের তার দেশে সংখ্যালঘুদের অধিকার কিভাবে রক্ষা করছে এমন প্রশ্নের জবাবে ক্রাউলি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রও পূর্ণাঙ্গ নয়।
তিনি বলেন, সব জায়গায় গণতন্ত্র একই রকম নয়। এটিকে পূর্ণাঙ্গ করার জন্যে আমরা কি করছি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
সংবাদ সম্মেলনে আমেরিকান সেন্টারের কর্মকর্তা জোনাথন সিবরা ও এ আহমেদ আলী উপস্থিত ছিলেন।
