২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তৎকালীন দুর্নীতি দমন ব্যুারোর দাখিল করা মামলাটি বুধবার তিনমাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

এবিএম মহিউদ্দিন চৌধুরীর দায়েরকৃত একটি রিট পিটিশনের শুনানির পর বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এছাড়াও বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কেন আবেদনকারীর বিরুদ্ধে আনীত মামলাটি বেআইনি ঘোষণা করা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন, কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান এবং সদস্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া ও মনিরুদ্দীন আহমেদ, কমিশনের সেক্রেটারি, চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে এই রুলের জবাব দেওয়ার জন্যে বলা হয়।

দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ১৩ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী থানায় মুরাদপুর বাস স্ট্যান্ডের কাছে ২৩টি দোকান বরাদ্দ প্রদানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মামলা দায়ের করে।

চট্টগ্রামের দুর্নীতি দমন কমিশনের পরিদর্শক জাহাঙ্গীর আলম এবিএম মহিউদ্দীন চৌধুরীরসহ ২৩ জনের বিরুদ্ধে এই মামলার চার্জশীট প্রদান করে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি মামলাটি কোর্টে দাখিল করেন।

সিসিসি মেয়র জাহাঙ্গীর আলমের এর চার্জশিট ও মামলার প্রসিডিংস-এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করেন।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এইচএস দেব বর্মণ। সরকারের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করছেন ডেপুটি এটর্নি জেনারেন আবদুল বাতেন।