শেখ হাসিনা শুক্রবার উত্তরবঙ্গ যাচ্ছেন, শনিবার দিনাজপুরে ১৪ দলের মহাসমাবেশে ভাষণ দেবেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি শনিবার দিনাজপুরে ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন।
দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা শুক্রবার সকালে সুধাসদন থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। দুপুরে পীরগঞ্জের ফতেপুরে পৌঁছে তিনি ভাসুর মরহুম আবদুল ওয়াহেদ কানু মিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং চেহলাম অনুষ্ঠানে যোগ দেবেন।
রাতে দিনাজপুর সার্কিস হাউসে অবস্থান করবেন তিনি।
পরদিন শনিবার বিকেলে দিনাজপুরে অনুষ্ঠেয় ১৪ দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। রোববার তিনি ঢাকা ফিরবেন।
