২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণ; বুধবার শুনানি হয়নি, আরো ৯ আমলার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের

বিচার বিভাগ পৃথকীকরণে দেওয়া আদালতের রায় অমান্যের প্রেক্ষিতে নয়জন সরকারি আমলার বিরুদ্ধে দায়েরকৃত আদালত অবমাননা মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও আপিল বিভাগের বিচারক বিচারপতি এমএম রুহুল আমিনের অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে শেষ পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 05:42 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাচ্ছিরের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ ১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এদিকে বিচার বিভাগ পৃথকীকরণ নামেই অধিক পরিচিত মাজদার হোসেন বনাম রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা দিকনির্দেশনা বিভিন্ন সময়ে লংঘন করার অভিযোগ এনে মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমির- উল- ইসলাম বুধবার আরো নয় সরকারি আমলার বিপক্ষে নতুন করে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন।

নয়জন আমলা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক আইন সচিব মোঃ আসাদুজ্জামান, সংস্থাপন সচিব মাহবুবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম, স্বরাষ্ট্র সচিব ও সাবেক সংস্থাপন সচিব সফররাজ হোসেন, সাবেক সংস্থাপন সচিব আনোয়ারুল বারী চৌধুরী, অর্থ সচিব জাকির আহমেদ খান এবং সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান।

বুধবার সকালের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাচ্ছিরের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারক উপস্থিত ছিলেন।

আদালতে প্রধান বিচারপতি বলেন, অসুস্থতার কারণে আমাদের একজন বিজ্ঞ বন্ধু আদালতে উপস্থিত হতে পারেননি। আর তাই এ মামলার শুনানি ১ মার্চ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের ১২ দফা দিকনির্দেশনার প্রেক্ষিতে সরকারের অগ্রগতি অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বুধবার অ্যাফিডেভিটের মাধ্যমে আদালতে পেশ করেন।

সুপ্রিম কোর্টের দিকনির্দেশনা লংঘন করার প্রেক্ষিতে আদালত যে নয় সরকারি আমলার বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত রুল জারি করেছিলেন বুধবারের শুনানিতে তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। তারা হলেন- যুগ্ম সংস্থাপন সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মোঃ আব্দুর রব হাওলাদার, ডেপুটি সচিব মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারী সচিব মোঃ খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক ডেপুটি সচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, মন্ত্রিপরিষদ সচিবালয়ের ডেপুটি সচিব মোঃ ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সচিব একেএম মোতালেব হোসেন।

সর্বোচ্চ আদালত অভিযুক্ত নয় সরকারি আমলাকে আদালত অবমাননা থেকে অব্যাহতি ও স্বশরীরে আদালতে উপস্থিত থাকার বিষয়টি আদালত বুধবার নিস্পত্তি না করায় তাদেরকে ১ মার্চের শুনানিতে আদালতে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের জন্যে সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা দিকনির্দেশনা ভঙ্গ করার অভিযোগ এনে ব্যারিস্টার এম আমির – উল- ইসলাম ২০০৪ সালের ১৩ এপ্রিল তৎকালীন আইন সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, সংস্থাপন সচিব সফররাজ হোসেন ও অর্থ সচিব জাকির আহমেদ খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।

মাজদার হোসেন মামলার রায়ে দেওয়া সুপ্রিম কোর্টের ১২ দফা দিকনির্দেশনা ভঙ্গের অভিযোগ এনে সর্বোচ্চ আদালত ১ ফেব্রুয়ারি ব্যারিস্টার আমির- উল- ইসলামকে একটি হালনাগাদ আবেদন দায়ের করার নির্দেশ দেন।

মাজদার হোসেন বনাম রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সুপ্রিম কোর্ট ২০০৪ সালের ২৯ নভেম্বর নয় সরকারি আমলার বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ১ ফেব্রুয়ারিতে মামলার কার্যক্রম ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন।

শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে সরকার আরো চার মাস সময় চেয়ে আদালতে যে আবেদন করেছিল, সুপ্রিম কোর্ট সরকারের সে আবেদন ইতোমধ্যে দ্বিতীয়বারের মত খারিজ করে দিয়েছেন।

২০০৫ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রথমবারের মত সময়বৃদ্ধির আবেদন খারিজ করে দেন।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে সরকারকে ১২ দফা দিকনির্দেশনা বাস্তবায়নের নির্দেশ প্রদান করার পর বিভিন্ন সরকার এখন পর্যন্ত ২২ বার সময়বৃদ্ধির আবেদন জানিয়েছে।