শহীদদের নামে ২টি হলের নামকরণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) সোমবার ঐতিহাসিক ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের নামে মিলনায়তন ও দু’টি হলের নামকরণ করেছে।
তিন শহীদ হলেন- হাইকোর্টের তৎকালীন কর্মচারী শফিউর রহমান, এসসিবিএ সদস্য আব্দুল আহাদ এবং একেএম সিদ্দিকী। শফিউর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ও একেএম সিদ্দিকী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করেন।
এসসিবিএ’র মিলনায়তনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ শফিউর রহমান মিলনায়তন, দক্ষিণ হলের নাম শহীদ আব্দুল আহাদ হল এবং উত্তর হলের নাম শহীদ একেএম সিদ্দিকী হল রাখা হয়েছে।
এসসিবিএ মিলনায়তনে সোমবার এক অনুষ্ঠানে মিলনায়তন ও হলের নামকরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি জেআর মুদাচ্ছির হোসেন, এসসিবিএ সভাপতি মাহবুবে আলম, সাধারণ সম্পাদক এম ইনায়েতুর রহিমসহ সুপ্রিম কোট ও হাইকোর্টের বিচারকগণ উপস্থিত ছিলেন।
