মার্কিন প্রেসিডেন্ট বুশের চিঠির প্রেক্ষিতে ফিরতি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী
জঙ্গি তৎপরতা দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া তার জবাবে বুশকে ধন্যবাদ জানিয়ে একটি ফিরতি ঠিঠি পাঠিয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ চিঠির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে কূটনীতিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে, জঙ্গি দমনে সরকারের পদক্ষেপকে ইতিবাচক উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তার জবাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে (বুশ) ধন্যবাদ জানিয়েছেন।
চিঠির বিষয়বস্তু সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেন, এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি এবং আমি এর বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানি না।
সম্প্রতি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে পাঠানো এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আশা প্রকাশ করেন, অতীতের মতো বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। কেননা বাংলাদেশের গণতন্ত্র এখন বেশ শক্ত।
জানুয়ারির শেষদিকে বাংলাদেশ সফরের সময় দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা প্রধানমন্ত্রীর কাছে বুশের দেওয়া এ চিঠি হস্তান্তর করেন।
ওই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জঙ্গি দমনে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রই এখন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার। তাই এ ব্যাপারে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
