ঢাবি’র ৪টি হলে পুলিশের তল্লাশি, ২৫ জন বহিরাগত আটক, পরে মুক্তি
পুলিশ রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে ২৫ জন বহিরাগতকে আটক করেছে।
অমর একুশের অনুষ্ঠানে যে কোনও ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ ঢাবি’র হলগুলোতে এই তল্লাশি অভিযান চালায়।
ক্যাম্পাস সূত্র জানায়, পুলিশ রোববার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, সার্জেন্ট জহুরুল হক হল ও অমর একুশে হলে তল্লাশি চালিয়ে এসব বহিরাগতদের আটক করে।
তল্লাশিকালে পুলিশ জগন্নাথ হল থেকে ১৯ জন এবং অপর তিনটি হল থেকে ছয়জন বহিরাগতকে আটক করে।
রমনা থানা পুলিশ জানায়, হলগুলো থেকে কোনও আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ উদ্ধার হয়নি। আটককৃতদের আদালতে হাজির করা হয়েছে। অবশ্য পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যক্ষ একে ফিরোজ আহমেদ জানান, ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে পুলিশ এই তল্লাশি চালায়।
