২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ সরকারকে সংস্কার প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করবে: হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার যে কৌশলই গ্রহণ করুকনা কেন, তার দল ও জনগণ সরকারকে সংস্কার প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তিনি বলেন, নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়ে টালবাহানা করে সরকার জনগণের ভোটের অধিকার ও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। কিন্তু জনগণের চাপেই তারা সংস্কার প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হবে।

ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা অমর একুশের চেতনায় জনগণকে ঐক্যবদ্ধ হতে এবং এই অত্যাচারি জোট সরকারকে হটিয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

আওয়ামী লীগ সভানেত্রী বিএনপি-জামাত জোট সরকারের দুর্নীতি, রাজনীতিকরণ ও স্বজনপ্রীতির কঠোর সমালোচনা করে বলেন, একটার পর একটা বিমান ভূপতিত হয়ে যাচ্ছে। বিদ্যুৎ ঘাটতির কারণে সমগ্র দেশ অন্ধকারে নিমজ্জিত, ডিজেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করে তারা নিজেদের ভাগ্য গড়ছে।

তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী ও তার ছেলে সকল সংকটের মূল হোতা এবং তারাই এগুলো করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছে।

তিনি বলেন, এই জালেম সরকার শ্রমিক ও কৃষকদের ঠকিয়ে নিজেদের পকেট ভরছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে করে তারা জনগণের নাভিশ্বাস তুলেছে।

হাসিনা বলেন, তার দলকে আবার ক্ষমতায় আনলে এদেশের কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেন গুপ্ত, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল জলিল, মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, মুকুল বোস, আব্দুর রহমান, সৈয়দ শামসুল হক, নুরুল ইসলাম নাহিদ। সভা পরিচালনা করেন আসাদুজ্জামান নূর।