২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে ১৪ দল বিএনপি’র তুলনায় ১০ গুণ লোকসমাবেশের লক্ষ্য স্থির করেছে

বন্দর নগরী চট্রগ্রামে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ১লা মার্চের বিভাগীয় মহা সমাবেশে বিএনপির তুলনায় ১০ গুণ বেশি লোকসমাবেশ ঘটানোর লক্ষ্য স্থির করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

পরবর্তী জাতীয় নির্বাচনে চট্রগ্রামে বিরোধী দলীয় জোটের সাম্ভব্য প্রার্থীরা বিভাগীয় মহা সমাবেশে ব্যাপক লোকসমাবেশের জন্যে কাজ করে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানায়।

দলের একটি সূত্র রোববার বিডিনিউজকে জানায়, বিরোধী দলীয় জোটের হাই কমান্ড মহা সমাবেশ সফল করার লক্ষ্যে চট্রগ্রামের ৫৯ আসনের সাম্ভব্য প্রার্থীদের প্রত্যেককে কমপক্ষে ১০ হাজার কর্মী সমর্থক উপস্থিত করার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে।

মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। মহা সমাবেশ সফল করতে চট্রগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের ১৪টি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা রোববার সন্ধ্যায় মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে এক জরুরী বৈঠকে বসে মহা সমাবেশ সফল করতে বিস্তারিত পরিকল্পনা ও বাজেট চূড়ান্ত করেন।

মেয়র মহিউদ্দিন চৌধুরী প্রস্তুতির বিষয়ে বিডিনিউজকে বলেন, বিএনপির মহা সমাবেশের তুলনায় কমপক্ষে ১০ গুণ বেশি লোকসমাগম ঘটানোর জন্যে আমরা কঠোর পরিশ্রম করছি, ইতোমধ্যে থানা ও জেলা শাখা নেতৃবৃন্দকে লোকসমাগমের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কেউ যদি এতে ব্যর্থ হয়, তবে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, চট্রগ্রামের ৫৯ টি সংসদীয় আসনের কমপক্ষে ১৫০ জন প্রার্থী আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্যে প্রতিযোগিতা করছে এবং এদের মধ্যে যারা সমাবেশে ১০ হাজার লোকসমাগমের লক্ষ্য পূরন করতে পারবে, তাদেরকে মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

অলংকার সিনেমা, ইস্পাহানি স্কয়ার, বহদ্দারহাট, কুলাউড়াঘাট এবং কর্নফুলী সেতুসহ নগরীর সবগুলো প্রবেশপথে সমাবেশে আগত লোকদের শুভেচ্ছা জানাতে অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হবে বলেও সূত্র জানায়।