নীতির প্রশ্নে কখনোই আপোস করেননি সাংবাদিক মুকুল: স্মরণসভায় বক্তারা
সাংবাদিক মুকুল ছিলেন নির্ভীক, সৎ ও আপোসহীন ব্যক্তিত্ব। রাজনীতিক ও সাংবাদিক হিসেবে তিনি কখনোই নীতির প্রশ্নে আপোস করেননি।
তোষামোদ করতে না পারায় তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
জাতীয় প্রেসক্লাবে শনিবার আয়োজিত সাংবাদিক শফিকুল আজিজ মুকুল স্মরণ সভায় আলোচকরা একথা বলেন।
শফিকুল আজিজ মুকুল নাগরিক শোকসভা কমিটি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাংবাদিক শামসুদ্দিন আহমেদ।
আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেন, এবিএম মুসা, বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক বিচারপতি বজলুর রহমান ছানা, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান খান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দেশবাংলা সম্পাদক ফেরদৌস আহমেদ কোরেশী, সুপ্রীম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাংবাদিক এমএ হারুন, হাবিবুর রহমান মিলন, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ফকির আব্দুর রাজ্জাক, শফিকুর রহমান, কবি হেলাল হাফিজ, সাবেক রাষ্ট্রদূত মহব্বত হোসেন এবং মরহুম মুকুলের ভাই রফিকুল আজিজ ও বোন মিসেস শিরিন।
আলোচকরা সাংবাদিক মুকুলের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তার স্মৃতিকে ধরে রাখার আহ্বান জানান।
তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এর প্রতিবাদ এবং ঘটনার স্বরূপ উন্মোচন করতে যারা উদ্যোগ নিয়েছিলেন, সাংবাদিক মুকুল ছিলেন তাদের অন্যতম। তিনি ছিলেন একজন চিন্তাশীল, নির্লোভ, সৎ, স্পষ্টবাদী ও সত্যবাদী মানুষ।
আলোচকরা বলেন, তিনি দেশ ও সমাজকে একটি মূল্যবোধের রাজনীতি উপহার দিতে চেয়েছিলেন। তাই তোষামোদি, কালো টাকা ও মাস্তানির রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।
