২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকরা একে অন্যের মতের প্রতি অসহিষ্ণু ও অশ্রদ্ধাশীল হয়ে উঠছেন: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হুসাইন বলেছেন, রাজনৈতিক নেতারা একে অন্যের মতের প্রতি অসহিষ্ণু ও অশ্রদ্ধাশীল হয়ে উঠছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তিনি এ প্রবণতাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, একের পর এধরনের কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হয়ে যাচ্ছে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের অব্যাহত অহিষ্ণুতার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে।

মোদাচ্ছির হুসাইন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নেতারা একে অন্যের মতের প্রতি সহিষ্ণু হবেন এবং অন্যের মত গ্রহণ করার মানসিকতা পোষণ করবেন।

মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তিনি বিচার বিভাগের তাৎপর্যপূর্ণ স্বাধীনতার ওপর জোর দেন। তিনি বলেন, এটি করতে না পারলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও কার্যকর আইনি ব্যবস্থা ছাড়া নির্বাহী বিভাগের দ্বারা মানবাধিকার লংঘনের প্রবণতা রোধ করা যাবে না।

মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে প্রধান বিচারপতি সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ নিশ্চিত করার আদর্শ ও মূল্যবোধের প্রতি প্রুতিশ্রুতিবদ্ধ।

বিচারপতি হুসাইন বলেন, মানবাধিকার নিশ্চিত করা এবং রক্ষার জন্যে একটি তাৎপর্যপূর্ণ স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য।

মানবাধিকার নিশ্চিত করা এবং রক্ষার জন্যে তিনি নীতি ও শাসন ব্যবস্থার উন্নয়ন এবং এব্যাপারে একটি কর্ম পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মানুষের জন্যে’র দলনেতা শাহিন অনাম ও অ্যাডভোকেট এলিনা খান বক্তব্য রাখেন।