মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে সাভারে যুবদল নেতা-কর্মীদের সমাবেশ বয়কট, মহাসড়ক অবরোধ
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়ার উপস্থিতিতে শুক্রবার সাভার যুবদলের দুই গ্রুপের নেতা-কর্মীরা পরস্পরের পদত্যাগ দাবিতে স্লোগান পাল্টা স্লোগান দেয়।
মান্নান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা অবস্থায় যুবদলের সাধারণ সম্পাদক সমর্থকরা সমাবেশ বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে, অন্যদিকে সভাপতি সমর্থকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটে জনগণ এক ঘন্টা দুর্ভোগ পোহায়।
সাভার পৌর সভার কমিশনার ও যুবদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম তার সমর্থকদের নিয়ে আলহাজ রেফায়েতউল্লার পদত্যাগ দাবি করে স্লোগান দিয়ে সমাবেশ স্থল ত্যাগ করে। সাভার পৌর চেয়ারম্যান ও যুবদল সভাপতির বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগতসহ দূর্নীতির অভিযোগ আনা হয়।
পৌরসভার কাছে সাভার যুবদল আয়োজিত সমাবেশ থেকে বয়কটের পর সাধারণ সম্পাদক সমর্থকরা হকারদের সাথে প্রতারণার অভিযোগে যুবদল সভাপতির পদত্যাগ দাবি করে।
ঘটনার ধারাবাহিকতায় এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব অব্দুল মান্নান ভূঁইয়া স্থানীয় সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন, মহিলা এমপি সুলতানা আহমেদসহ অন্য নেতাদের নিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর সভাপতি সমর্থকরা পাল্টা মিছিল বের করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সাভারে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
