আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: আ.লীগের কর্মসূচি
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ওইদিন ভোর সাড়ে ৬ টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজ ধারণ।
এছাড়া, ২১ ফেব্রুয়ারি সকালে আজিমপুর গোরস্তানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন দলের নেতা কর্মীরা। পরে তারা প্রভাতফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ করবেন।
এর আগে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন।
এ উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক বিবৃতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের সর্বস্তরের নেতা কর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
