বিদ্যুতের সরবরাহ ও লোডশেডিং নিয়ে সংসদে তোপের মুখে বিদ্যুত প্রতিমন্ত্রী
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার চাহিদা মতো বিদ্যুত দিতে না পারা, লোডশেডিং এবং নতুন নতুন বিদ্যুত লাইন স্থাপন নিয়ে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সরকারি ও বিরোধী দলের সদস্যদের তোপের মুখে পড়েন।
সংসদে এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তোলেন বিএনপি এমএ হাসেম, হেলালুজ্জামান তালুকদার লালু, রশিদুজ্জামান মিল্লাত, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, মির্জা আযম, এনামুল হক মোস্তফা শহীদ, সাইদুল হক, মাহবুবুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) মজিবুর রহমান, মসিউর রহমান রাঙ্গা, নূর হাসনা চৌধুরী লিলি।
সাংসদরা বিদ্যুতের লোড শেডিং ও বিভিন্ন এলাকা দীর্ঘ সময় বিদ্যুত না থাকা নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, এক দিকে বিদ্যুত নেই, অন্যদিকে নতুন নতুন লাইন স্থাপন করা হচ্ছে। বিদ্যুতের কারণে কৃষকরা তাদের কাজ করতে পারছে না। এ অবস্থায় সরকারের উচিত বিদ্যুতের ন্যুনতম চার্জও না নেওয়া।
সরকার দলীয় সাংসদরা বলেন, এ অবস্থার জন্য দেশে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। যার প্রভাব আগামী নির্বাচনে পড়বে।
জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। তবে বিদ্যুত নিয়ে কোনো সমস্যা হবে না। কিছুদিনের মধ্যেই বিদ্যুত সমস্যার সমাধান হয়ে যাবে।
