২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ মহাসচিবের প্রত্যাশা: অতীতের মতো আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে

বাংলাদেশের তত্তাবধায়ক সরকার ব্যবস্থাকে গ্রহণযোগ্য পন্থা আখ্যায়িত করে সফররত কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড সি ম্যাককিনন আগামী সাধারণ নির্বাচনও একই ব্যবস্থার আওতায় অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে বৃহস্পতিবার বৈঠক শেষে ম্যাককিনন সাংবাদিকদের কাছে এ অভিমত ব্যক্ত করেন।

ম্যাককিনন বলেন, বাংলাদেশ গ্রহণযোগ্য তত্তাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এটি ইতোমধ্যে তিনবার কাজে লেগেছে। সন্দেহাতীতভাবেই এটি আবারও কাজে আসবে এবং জনগণ এ ব্যাপারে উচ্ছসিত।

কমনওয়েলথ মহাসচিব বৃহস্পতিবার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে দেখা করে ব্যস্ত সময় কাটান।

এক প্রশ্নের জবাবে ম্যাককিনন বলেন, জনগণ নির্বাচনের সাথে জড়িত হতে চায় এবং নির্বাচনের ব্যাপারে তারা উচ্ছসিত। এটি গণতন্ত্রের ক্ষেত্রে একটি ভাল লক্ষণ।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে তাদের মধ্যে বাংলাদেশে পরিচালিত কমনওয়েলথ কর্মসূচিসহ বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, কমনওয়েলথের সহযোগিতায় বাংলাদেশে এখন বেশ কিছু কারিগরি কর্মসূচি বাস্তবায়নাধীন রয়েছে। তারা বাংলাদেশের জনগণকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে চান।

ম্যাককিনান দারিদ্র্য বিমোচন ও এ ব্যাপারে সচেতনতা বাড়াতে গৃহীত বাংলাদেশের প্রদক্ষেপের প্রশংসা করেন।

কমনওয়েলথ মহাসচিব জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোর নতুন অর্থনৈতিক ধারা কাটিয়ে ওঠার ব্যাপারে পরামর্শ দেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তার কার্যালয়ে এক বৈঠকে ম্যানকিনন রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় সাইফুর রহমান ম্যাককিননের কাছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কমনওয়েলথের অবদান আরও বাড়ানো আহ্বান জানান। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়ানোর জন্যে তাকে অনুরোধ জানিয়েছি।’

এদিকে সফররত কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড সি ম্যাককিননের নিকট বিরোধী দল আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তত্তবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার প্রস্তাব ব্যাখ্যা করে।

সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বাসভবনে ঘন্টাব্যাপী বৈঠকের পর ম্যাকনিন আলোচনার ব্যাপারে কোনও কিছু বলতে অস্বীকার করেন।

আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, সুষ্ঠ ও অবাধ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্যে তারা তাদের উদ্বেগের বিষয়টি ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, ‘বিগত তিনটি তত্তাবধায়ক সরকার এবং আগামী তত্তাবধায়ক সরকারের মধ্যে আমরা কেন পৃথক মনে করেছি এবং কোন্ কাঠামোর মাধ্যমে আগামী তত্তবধায়ক সরকার গঠিত হতে যাচ্ছে আমরা তাকে সে কথা জানিয়েছি।

কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাবের কথা উল্লেখ করে সাবের হোসেন বলেন, আমরা তাদের প্রস্তাবকে স্বাগত জানাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আমরা তাদেরকে পরিস্থিতি বর্ণনা করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সুশাসন, দুর্নীতি ও জঙ্গি ইস্যু নিয়েও আলোচনা করেছেন। এগুলো এখনও আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাধা হিসেবে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

রর অধীনে অতীতের মত পার্লামেন্ট নির্বাচন হবে বলে কমনওয়েল মহাসচিবের প্রত্যাশা