ম্যাককিননের কাছে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছে আওয়ামী লীগ
সফররত কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড সি ম্যাকনিনন এর কাছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে প্রস্তাব তারা সরকারকে দিয়েছে তা ব্যাখ্যা করেছে।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবনে বৃহস্পতিবার ঘন্টাব্যাপী আলোচনার সময় ম্যাকনিননের নিকট এই ব্যাখ্যা তুলে ধরা হয়।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের উদ্বেগের কথা তারা কমনওয়েলথ মহাসচিবকে জানিয়েছেন।
তিনি বলেন, বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার ও আগামী তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আমরা কেন পার্থক্য চিন্তা করেছি এবং কোন কাঠামোর মাধ্যমে আগামী তত্ত্ববধায়ক সরকার গঠিত হতে যাচ্ছে সে কথা আমরা তাকে বলেছি।
কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ প্রস্তাবের কথা উল্লেখ করে সাবের হোসেন বলেন, আমরা তাদের প্রস্তাবকে স্বাগত জানাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা তাদেরকে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে বাধাসমূহসহ সুশাসন, দূর্নীতি ও জঙ্গি ইস্যু নিয়েও আমরা আলোচনা করেছি।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ।
