২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের আগেই সংসদের বৈঠক মূলতবি, বিরোধী সাংসদদের ক্ষোভ

জাতীয় সংসদের অধিবেশন বৃহস্পতিবার নির্ধারিত সময়ের পৌণে দু’ঘন্টা আগে মূলতবি করা হয়েছে। এতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ নাসিম বলেছেন, বিভিন্ন ইস্যুতে বিরোধী দলকে বৃহস্পতিবার আলোচনার প্রতিশ্রুতি দিয়েও আলোচনা করতে না দিতেই অধিবেশন নির্দিষ্ট সময়ের আগেই শেষ করা হয়েছে। তিনি বলেন, সংসদে বিরোধী দলীয় নেত্রীকেও কথা বলতে দেওয়া হয়নি।

তবে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, একটি অনুষ্ঠানে আমন্ত্রণ থাকায় বৈঠক আগেই মূলতবি করা হয়েছে, বিরোধী দলকে বঞ্চিত করতে নয়। তারা আলোচনার সুযোগ পাবেন।

বিরোধী দলের পক্ষ থেকে আনা ৬২ ও ৬৮ বিধির মূলতবি প্রস্তাব কার্যউপদেষ্টা কমিটিতে গ্রহণ না করা প্রসঙ্গে তিনি বলেন, তারা রাষ্ট্রপতির ভাষণের জন্য আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সময় বিষয়গুলো আলোচনা করতে পারবেন। তাই তাদের প্রস্তাবগুলো পৃথকভাবে নেওয়া হয়নি।

বৃহস্পতিবার সংসদের বেসরকারি সদস্য দিবসে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব শেষে ৭১ বিধির নোটিশ ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা নির্ধারিত ছিল।

কিন্তু বৈঠকের সভাপতি ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী প্রশ্নোত্তর পর্ব শেষে নির্ধারিত সময়ের এক ঘন্টা ৪০ মিনিট আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটেই বৈঠক মূলতবি ঘোষণা করেন। সংসদের বৈঠক ২২ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত মূলতবি করা হয়।

এ সময় আলোচনা করতে না পেরে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিমসহ অন্যরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এ সময় বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ও উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদও উপস্থিত ছিলেন।

পরে বিরোধী দলের পক্ষ থেকে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের কাছে দলের প্রতিক্রিয়া জানান।