২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিমকোর্ট বিভাগীয় বিশেষ বিচারক চুন্নু’র আবেদন খারিজ করে দিয়েছে

সুপ্রিমকোর্ট বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক রেজাউল করিম খান চুন্নু’র একটি আপিল আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্ট তার বিচারকার্য পরিচালনার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে তার বিরুদ্ধে আপিল করেছিলেন চুন্নু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমীন, বিচারপতি ফজলুল করিম, বিচারপতি তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরী’র সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চুন্নুকে হাইকোর্টের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেয়।

চুন্নু’র পক্ষে আবেদনকারী এ্যাডভোকেট টিএইচ খান আদালতে বলেন, বিচারক চুন্নু’র বিচারকার্য সম্পাদনের উপর নিষেধাজ্ঞা তার মৌলিক অধিকার ক্ষুন্ন করছে। এটি স্বাভাবিক আইনেরও পরিপন্থি।

তিনি জানান, কতিপয় সংবাদপত্র থেকে কিছু সংবাদের ভিত্তিতে হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট চুন্নু’র বিচার কাজের উপর নিষেধাজ্ঞা আরোপসহ সরকারের উপর রুল জারি করে। বিচারক চুন্নু হাইকোর্টের ভুল আদেশের শিকার।

অন্যদিকে সুপ্রিমকোর্ট বিচারক চুন্নু’র বিরুদ্ধে রিট পিটিশন আবেদনকারীর আইনজীবি ড: কামাল হোসেন বলেন, হাইকোর্ট চুন্নু’র উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ ও সরকারের উপর রুল জারি করে সাংবিধানিক দায়িত্ব পালন করেছে।

তিনি আরও বলেন, নিু আদালতগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে সাংবিধানিকভাবে আমাদের বিচার বিভাগের নিরপেক্ষতা ও মর্যাদা রক্ষার দায়িত্ব সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের উপর। এই রায়ের মাধ্যমে হাইকোর্ট তার সঠিক দায়িত্ব পালন করেছে।

এর আগে বিচারক হয়েও ক্ষমতাসীন বিএনপি’র কার্যক্রমে সরাসরি অংশ নেয়ার অভিযোগে চুন্নু’র বিরুদ্ধে জনস্বার্থে অ্যাডভোকেট খায়রুল আলম পিপুল হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরা ১৩ ফেব্রুয়ারি চুন্নু’র বিচার কাজ সম্পাদনের উপর দু’সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেন।

সরকার কেন সরকারী চাকুরির আইনবিধি লঙ্ঘনকারী বিচারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে না-এ মর্মে হাইকোর্ট সরকারের উপর রুলও জারি করে।

১৪ ফেব্রুয়ারি রেজাউল করিম খান চুন্নু তার উপর নিষেধাজ্ঞা আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করেন। আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী কোনো আদেশ জারি না করে আপিল বিভাগের সকল সদস্যের উপস্থিতিতে শুনানির জন্য দিন নির্দিষ্ট করে দিয়েছিলেন।