২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার উত্তরাঞ্চলে জ্বালানি পরিবহনে খরচ বহন করবে: সংসদে মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বুধবার জাতীয় সংসদে বলেছেন ঢাকা ও খুলনা থেকে দেশের উত্তরাঞ্চলে জ্বালানী তেল পরিবহনে ধার্যকৃত অতিরিক্ত মূল্য সরকার বহন করবে এবং সরকার জ্বালানি তেলের মূল্য বাড়ায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পয়েন্ট অব অর্ডারে তেলের মূল্য বৃদ্ধিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের প্রশ্নের জবাবে মান্নান ভূইয়া বলেন, মূল্য বৃদ্ধির আনুষ্ঠানিক কোন আদেশ বা প্রজ্ঞাপন সরকার জারি করেনি। ঢাকা ও খুলনা থেকে জ্বালানি তেল উত্তরাঞ্চলে সরবরাহের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ব্যায়ের চাপ আমরা জনগনের উপর ফেলব না। আমাদের সরকার কৃষক, শ্রমিক ও সাধারন জনতার সরকার।

দেশব্যাপী বুধবার আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের ডাকা হরতালের কথা উল্লেখ করে মান্নান ভূইয়া বলেন, বিরোধী দলীয় নেত্রী নিজেও জানেন হরতাল দেশের জন্য ক্ষতিকর।

যখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন তিনি প্রায়ই হরতালের বিরুদ্ধে কথা বলতেন। বিরোধী দলে গেলে হরতাল আহবান করবেন না বলে তিনি কথা দিয়েছিলেন। আমি নিজেও ব্যাক্তিগতভাবে হরতালের বিপক্ষে, কারণ সবমিলিয়ে জনগণ হরতাল চায় না। তারা শান্তির রাজনীতি ও সুশৃংখল কর্মসূচী দেখতে চায়।

বিরোধী দল বুধবারের হরতালে জনগণের নিকট থেকেও কোন প্রকার সমর্থন পাবে না বলে মান্নান ভূঁইয়া উল্লেখ করেন।

তিনি আর কোন হরতাল আহবান না করার জন্যও বিরোধী দলের প্রতি আহবান জানান।

বিরোধী দলের সংসদদের নিন্দার উত্তরে মান্নান ভূঁইয়া বলেন, স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকাকে খাটো করে দেখার কোন অবকাশ নেই। তিনি যখন গৃহবন্দী ছিলেন তখন সৈনিক ও সাধারণ জনগণ তাকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল।

তিনি বলেন, ইতিহাসই কথা বলবে স্বাধীনতা যুদ্ধে কে কি ভূমিকা পালন করেছিল।

১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে মান্নান ভূইয়া বলেন, তত্তাবধায়ক সরকার ব্যাবস্থা প্রচলনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজনে ঐ নির্বাচনের অনুষ্ঠানের দরকার ছিল। যদি ঐ নির্বাচন না হতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতনা।

আইন ও নীতিমালা অনুযায়ী সংসদ পরিচালনার জন্যও মান্নান ভূঁইয়া স্পিকারের প্রতি আহবান জানান।