ফারুকের বক্তব্য প্রমাণ করে জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামী কর্নেল (অব.) ফারুকের বক্তব্য এটাই প্রমাণ করে যে জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত একটি বিতর্কে বুধবার শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী কারা ইতিহাসে ইতোমধ্যে তা প্রমাণিত হয়ে গেছে। বিশ্বাসঘাতক খন্দকার মুশতাক আহমেদ তার অনুগত জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সুবিধাভোগীদের বিষয়টি বিবেচনায় আনলেই বঙ্গবন্ধুর খুনিদের সহজেই শণাক্ত যাবে।
তিনি বলেন, খন্দকার মুশতাকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার মাধ্যমে জাতির পিতার হত্যাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে জেনারেল জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ পাস করিয়ে নেন। বঙ্গবন্ধুর খুনীরা এখনও জাতীয় সংসদের ট্রেজারি বেঞ্চে বসে আছে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু গঠিত বাকশালের একজন সদস্য ছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, সামরিক আইন জারি করে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তার শাসনামলে প্রতিটি রাতেই কারফিউ জারি করা হয়েছে। সামরিক সদস্য ও রাজনীতিবিদসহ উল্লেখযোগ্য সংখ্যক লোককে তার শাসনামলে হত্যা করা হয়েছে। সামরিক আইনের মাধ্যমে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।
বিরোধী দলীয় নেতা বলেন, সরকার জ্বালানি তেলের দাম লিটার প্রতি এক টাকা কমিয়ে নেয়ার ফলে হরতাল পালনের মাধ্যমে জনগণের বিজয় হয়েছে।
