২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা, একুশে পদক, বিদেশী অতিথি, জঙ্গিসহ নানা ইস্যুতে সংসদ উত্তপ্ত

সংসদের বৈঠকে বুধবার পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত বিতর্কে উত্তপ্ত আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পাঁচজন মন্ত্রী ও রাষ্ট্রপতির স্ত্রীকে একুশে পদক দেওয়া, চিনি ও জ্বালানি তেলের দামবৃদ্ধি, সংসদের বৈঠকে বিদেশিদের উপস্থিতি, বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান সম্পর্কে কটুক্তি, ১৫ আগস্টের হত্যাকাণ্ড-ইত্যাদি ইস্যুতে আলোচনায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। প্রায় দু’ঘন্টা অনির্ধারিত বির্তক চলে। তবে সংসদ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ সময় সংসদে উপস্থিত ছিলেন না।

মাগরিব নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মাদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শেখ ফজুলুল করিম সেলিম, মির্জা আযম এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, আইন মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমেদ, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দীন কাদের চৌধুরী, বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, মেয়র সাদেক হোসেন খোকা, নাসিরুদ্দীন আহমেদ পিন্টু, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাখাওয়াত হোসেন বকুল ও মশিউর রহমান এই বিতর্কে অংশ নেন।

পয়েন্ট অব অর্ডারে শেখ হাসিনা বলেন, কর্নেল (অব.) ফারুকের বক্তব্য প্রমান করে বঙ্গবন্ধুর খুনীদের সঙ্গে জিয়াউর রহমান জড়িত।

মান্নান ভূঁইয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সব সময়ে হরতালের বিপক্ষে বলতেন। তিনি এমনো প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিরোধী দলে গেলেও তিনি আর কখনো হরতাল করবেন না।

ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, ১৫ আগস্টের পর জিয়াউর রহমান নয়, আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমেদ সামরিক শাসন জারী করেন। সামরিক শাসন জারী করার আদেশে মোশতাক আহমেদই স্বাক্ষর করেন। এমন কি শেখ মুজিবের খুনিদের জিয়াউর রহমান ইন্ডেমিনিটি দেন নি। তা-ও দিয়েছিলেন মোশতাক আহমেদ।

শেখ ফজলুল করিম সেলিম পাঁচজন মন্ত্রী ও রাষ্ট্রপতির স্ত্রীকে একুশে পদক দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন।

জবাবে বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, কোনো মন্ত্রী পদক পাওয়ার যোগ্য হলে তাকে পদক দেওয়া যেতে পারে।

নাসিরুদ্দীন পিন্টু প্রশ্ন রেখে বলেন, শায়খ আব্দুর রহমান আওয়ামী লীগের সাংসদ মির্জা আযমের দুলাভাই। এটি কি তারা অস্বীকার করতে পারবে? জলিল সাহেব কি করে মার্কেন্টাইল ব্যাংকের মালিক হয়েছেন?

এ সময় বিরোধী দলের সাংসদরা হইচই শুরু করেন।

আব্দুল জলিল বলেন, কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা উচিত নয়। আমি রাজনীতি ও ৫০ বছরের ধারাবাহিকতায় এখানে এসেছি। আমি রাস্তা থেকে এখানে আসিনি। তাই সংসদে কোনো সিনিয়র সদস্য সম্পর্কে জুনিয়রের বক্তব্য অত্যন্ত দুঃখজনক।

সংসদে বিদেশি অতিথিদের উপস্থিতি সম্পর্কে ডেপুটি স্পিকার জানান, তাদের সংসদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি।

সালাউদ্দীন কাদের চৌধুরী বলেন, সংসদের কার্যক্রম বিধি মোতাবেক হওয়া উচিত। বিদেশি অতিথিদের বিরুদ্ধে কারো বক্তব্য রাখা উচিত নয়।

মির্জা আযম বলেন, শায়খ আব্দুর রহমান আমার আত্মীয় হলেও তাদের মাঠে নামিয়েছে সরকারের মন্ত্রী আমিনুল হক দুলু। এটি মন্ত্রীদেরই স্বীকারোক্তি।