মুন্সিগঞ্জে র্যাবের হাতে আওয়ামী লীগ নেতা আটক, লাঠি চার্জে ৩ মহিলা আহত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাহিনী বুধবার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সড়কের মাওয়ার ভিআইপি ফ্যাশন থেকে মেদিনিমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ খানকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের পর উত্তেজিত জনতা ভাগ্যকুল র্যাবের কার্যালয় ঘেরাও করে। র্যাব এ সময় লাঠি চার্জ করে এবং কালু (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করে। এর পর উত্তেজিত প্রায় সাত শতাধিক জনতা র্যাবের কার্যালয় ঘেরাও করে এবং বিক্ষোভ দেখায়।
র্যাবের লাঠি চার্জে আহত ব্যাক্তিরা হচ্ছে, ফরিদা বেগম (৩৫), সম্পা আক্তার (২২) এবং জোৎøা বেগম (৩৮)।
আওয়ামী লীগ নেতারা বিডিনিউজকে জানান, আটককৃত নেতা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন। তাকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে হরতালের কোনও পিকেটিংও হচ্ছিলো না।
তবে র্যাব কার্যালয় থেকে এ সংক্রান্ত কোন তথ্য জানায়নি।
র্যাবের একজন কর্মকর্তা থেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, র্যাবের দাগি আসামির তালিকায় আশরাফের নাম নেই, র্যাব কেবল অভিযুক্ত কোনও আসামিকেই গ্রেপ্তার করতে পারে এবং থানার মাধ্যমে জেল হাজতেও পাঠাতে পারে।
এদিকে র্যাব বাহিনী তাদের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিক্রমপুর প্রেস ক্লাব এই ঘটনায় নিন্দা জানিয়েছে।
বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ নেতাকে থানায় পাঠানো হয়নি।
