চলতি অর্থবছরের বিদেশে পাঠানো হয়েছে ১,৫৯,১৯২ কর্মি
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বিভিন্ন দেশে এক লাখ ৫৯ হাজার ১৯২ জন দক্ষ ও অদক্ষ কর্মি পাঠানো হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা সাত হাজার বেশি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মেয়র (অব.) কামরুল ইসলাম মঙ্গলবার সাংসদ আমজাদ হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
সাংসদ এসএ খালেকের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে পাঁচ হাজার ৮৬৮ জন বাংলাদেশী কর্মি কারাগারে রয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষ তাদের আটক করেছে।
তার অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে বর্তমানে ১৪ লাখ ৪৫ হাজার ৯৭৬ জন বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছে।
সাংসদ সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে গত ১০ বছরে এক হাজার ৩৫২ টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নে প্রায় ৫০ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৪৯২ টাকা ব্যয় করা হয়েছে।
সাংসদ হাফিজ উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে জানান, তিন বছর পর মালয়েশিয়ায় আবার কর্মি পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যে চার হাজার নতুন কর্মি এবং আগে ফিরে আসা কর্মিদের সেখানে পাঠানো হয়েছে।
